দেশে ঘটে গেল এক মর্মান্তিক বিমান দুর্ঘটনা। গতকাল সোমবার বেলা ১টা ৬ মিনিটে রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। তবে সেটি হয়েছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে। এ ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত ১৯ জন মৃত্যুর খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। ঘটনাস্থলে উদ্ধারকাজ চলছে। এ ঘটনায় সারা দেশের মতো শোকের ছায়া নেমে এসেছে সাংস্কৃতিক অঙ্গনে। দুর্ঘটনায় শোক জানিয়েছেন বিনোদন অঙ্গনের মানুষেরা।

শাকিব খানের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লিখেছেন, ‘এ দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছে, তাদের রুহের মাগফিরাত কামনা করছি। শোকসন্তপ্ত পরিবারগুলোকে সমবেদনা জানাই। যারা আহত হয়েছে, আল্লাহ তাদের সুস্থতা দান করুন। এমন ভয়ানক ঘটনা যেন ভবিষ্যতে আর না ঘটে, এ কামনা করি। আমিন।’

সিয়াম আহমেদ লিখেছেন, ‘মনটা মরে গেছে। আল্লাহ সবাইকে হেফাজত করুন, আমিন।’ পাশাপাশি তিনি হাসপাতালগুলোয় রক্ত দেয়ার বিষয়ে সবাইকে আহ্বান জানিয়েছেন।

জয়া আহসান লেখেন, ‘আমি টেলিভিশনের দিকে তাকাতে পারছি না। এতগুলো কচি কচি বাচ্চার এমন দুর্ভাগ্যজনক বিদায়, কীভাবে মেনে নেয়া যায়! আহারে, এ বাচ্চাদের মা-বাবারা তাদের শূন্যতার ভার কীভাবে বইবেন। তাদের মনে শক্তির সঞ্চার ঘটুক। যে বাচ্চারা আহত হলো, তারা যেন সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসে, সে প্রার্থনা রইল।’

সংগীতশিল্পী ও অভিনেত্রী পড়শী লেখেন, ‘এ মুহূর্তে যারা উত্তরার মাইলস্টোন স্কুল এলাকায় আছেন, বিনীত অনুরোধ, অনর্থক ভিড় করবেন না। এটি রেসকিউ কার্যক্রম ও অ্যাম্বুলেন্সের চলাচলে বাধা সৃষ্টি করবে। উদ্ধারকাজে সহযোগিতা করুন।’

অভিনেত্রী মেহজাবীন চৌধুরী শোক প্রকাশ করে লিখেছেন, ‘উত্তরার দিয়াবাড়ি এলাকায় মর্মান্তিক বিমান দুর্ঘটনা অত্যন্ত দুঃখজনক, এমন ঘটনায় মর্মাহত হয়েছি। সবার জন্য দোয়া চাই। সবার জন্য দোয়া রইল।’

এদিকে এ ঘটনায় ছড়িয়ে পড়েছে একাধিক ভিডিও। সেখানে কাউকে দেখা যায় অ্যাম্বুলেন্সে তুলতে। কারো শরীর পুড়ে গেছে। আতঙ্কিত ঘটনা নিয়ে শোক প্রকাশ করে গায়িকা আঁখি আলমগীর লিখেছেন, ‘মাইলস্টোন কলেজ দিয়াবাড়ি ক্যাম্পাসের ওপর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ায় আমি আতঙ্কিত। আহা, কি অসহায় আমরা। আল্লাহ সবাইকে ক্ষমা করুন, সহায় হোন।’

আহতের সংখ্যা বাড়ছে। আহত ব্যক্তিদের জন্য রক্ত দরকার। অভিনেতা তৌসিফ মাহবুব লিখেছেন, ‘যারা উত্তরার আশপাশে আছেন, রক্ত দিতে পারবেন; তাঁরা আশপাশের হাসপাতালে চলে যান।’ অভিনেত্রী সাদিয়া আয়মানও একই কথা লিখেছেন, ‘উত্তরা আধুনিক, মনসুর আলী মেডিকেলে প্রচুর রক্তদাতা লাগবে। প্লিজ, এগিয়ে আসেন।’

আতঙ্কিত হওয়ার মতো ঘটনার মধ্যে রয়েছে অনেক শিশুর আহত হওয়ার খবর। এসব শিশু ও হতাহতদের জন্য সাহায্য কামনা করেছেন চিত্রনায়িকা তমা মির্জা। তিনি লিখেছেন, ‘আল্লাহ দয়া করে সাহায্য করুন এবং নিষ্পাপ আত্মাদের রক্ষা করুন। শিশু, শিক্ষক ও তাদের পরিবারের জন্য প্রার্থনা রইল।’

বিমান দুর্ঘটনায় কেউ কেউ এআই দিয়ে ছবি বানিয়ে পোস্ট করছেন। এতে অনেক বিভ্রান্তি ছড়িয়ে পড়ছে। এ নিয়ে গায়ক ও গীতিকার লুৎফর হাসান লিখেছেন, ‘বিমান দুর্ঘটনা নিয়ে ট্রেন্ডি পোস্ট দিতে গিয়ে এআই দিয়ে ছবি বানিয়ে মানুষকে বিভ্রান্ত করা থেকে দূরে থাকুন। যেহেতু দুর্ঘটনা, তাতে হতাহতের ঘটনা ঘটতেই পারে। কারো হতাহতের খবর আপনার ট্রেন্ড না হোক। এরই মধ্যে প্রচুর এআই ছবি দেখতে পাচ্ছি, যা খুবই দুঃখজনক।’

উত্তরায় মাইলস্টোন কলেজের একাধিক শিক্ষার্থীদের আহত হওয়ার ভিডিও ছড়িয়ে পড়েছে। পরিচালক মোস্তফা কামাল রাজ লিখেছেন, ‘প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনাটা খুবই দুঃখজনক ও হৃদয়বিদারক। আল্লাহ তুমি রহম করো, সবাইকে নিরাপদে রাখো। যারা আহত বা ক্ষতিগ্রস্ত হয়েছেন, আল্লাহ তাদের জন্য সহায় হোন।’ সমবেদনা জানিয়েছেন অভিনেত্রী রিচি সোলায়মান। তিনি লিখেছেন, ‘উত্তরা মাইলস্টোনের ট্র্যাজেডিতে শোক ও সমবেদনা জানাচ্ছি। মহান সৃষ্টিকর্তা এ শোক কাটিয়ে ওঠার শক্তি দিন।’