বাংলাদেশের আধুনিক সংগীতজগতের অন্যতম আলোচিত নাম আরফিন রুমি। একাধারে গায়ক, সুরকার ও সংগীত পরিচালক হিসেবে তার জনপ্রিয়তা আজও তুঙ্গে। নিজের সুর ও সংগীতের বাইরে অন্য কোনো গানে তাকে খুব একটা দেখা যায় না। বিশেষ করে নাটক বা ওয়েব ফিল্মের গানেও তিনি সচরাচর কাজ করেন না। তবে এবার সেই ব্যতিক্রম ঘটিয়ে শ্রোতাদের জন্য নিয়ে এলেন নতুন আবেগঘন গান আঘাত, যা এরই মধ্যে আলোচনায় এসেছে।

আঘাত গানের সুর করেছেন জনপ্রিয় সুরকার মার্সেল, এতে রুমির সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন শ্রোতাপ্রিয় গায়িকা দোলা, যিনি ‘চাঁদ মামা’ গান দিয়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন। লুৎফর হাসানের লেখা এ গানের কথাগুলো যেমন আবেগময়, তেমনি মেলোডি ও সুরের সমন্বয়ে এ গান হয়ে উঠেছে অনন্য। গানটি বিশেষভাবে তৈরি করা হয়েছে ইউটিউব ফিল্ম ‘সহযাত্রী’র জন্য, যা শিগগিরই মুক্তি পাবে ‘সিনেমাওয়ালা’ চ্যানেলে।

অন্য সুরকারের সুরে গান করার অভিজ্ঞতা নিয়ে আরফিন রুমি বলেন, ‘মুহাম্মদ মোস্তফা কামাল রাজ কিছু বললে কখনো না করিনি। আমাদের মধ্যে সম্পর্কটা এমনই। আঘাত দারুণ একটি গান। লুৎফর হাসানের লেখনী ও মার্সেলের সুর আমার খুব ভালো লেগেছে। আমি নিশ্চিত, এ সম্মিলন শ্রোতাদেরও ভালো লাগবে।’

সহযাত্রী ফিল্মটি রচনা ও পরিচালনা করেছেন বহুল প্রশংসিত নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। নাটক ও ওয়েব ফিল্মে তার সৃজনশীল গল্প বলার ধারা এরই মধ্যে দর্শকের মন জয় করেছে। সে ধারাবাহিকতায় এ ফিল্মেও তিনি নতুন গল্প ও আবেগের ছোঁয়া আনতে চেয়েছেন, যেখানে গান আঘাত গল্পের আবহকে আরো সমৃদ্ধ করেছে।

সংগীতপ্রেমীদের কাছে রুমির নতুন গান সবসময়ই বিশেষ প্রত্যাশার জায়গা তৈরি করে। গত কয়েক বছর নিজের সুর ও সংগীত নিয়েই ব্যস্ত থাকলেও আঘাত গানটি তার ভক্তদের জন্য এক চমক। এটি কেবল একটি গান নয়, বরং আবেগের গল্প বলবে সুরে সুরে। গানের মেলোডি, রুমির গভীর কণ্ঠ, দোলার মিষ্টি গায়কি ও লুৎফর হাসানের অনবদ্য কথামালা—সব মিলিয়ে গানটি হয়ে উঠবে স্মরণীয় বলে মনে করছেন শ্রোতা ও সমালোচকরা।