দক্ষিণ ভারতের অভিনেত্রী জ্যোতিকা। নব্বইয়ের দশক থেকে তিনি অভিনয় করছেন। তামিল, তেলেগু সিনেমায় অভিনয় করলেও তামিল অভিনেত্রী হিসেবেই তিনি বেশি প্রশংসিত। তার একাধিক সিনেমা ব্লকবাস্টার ও প্রশংসিত। সম্প্রতি তার পুরনো সিনেমার পোস্টার ঘুরছে সোশ্যাল মিডিয়ায়। তবে এর একটি কারণ আছে। গত বছর ‘শয়তান’ সিনেমার প্রমোশনের সময়কার একটি মন্তব্যকে কেন্দ্র করে কিছু ভক্ত বিরক্ত হয়ে কাজটি করেছে।
জ্যোতিকা গত বছর অজয় দেবগণের সঙ্গে অভিনয় করেন। এর আগে অভিনয় করেছিলেন মামুত্তির সঙ্গে। শয়তানের প্রচারণার সময় জ্যোতিকা বলেছিলেন, ‘আমি দক্ষিণে অনেক সিনেমা করেছি। কিন্তু বলিউড আমাকে বিশেষ সম্মান দিয়েছে। সিনেমার পোস্টারে আমার মুখ রাখা হয়েছে। দক্ষিণের সিনেমায় এমন হয় না।’
মন্তব্যটি ইদানীং কোনো কারণে আবার ভাইরাল হয় এবং এর বিপরীতে তার ভক্ত ও অন্যরা কিছু পোস্টার খুঁজে বের করে তা পোস্ট করেছেন। সেই সঙ্গে একজন পোস্টে লিখেছেন, ‘উনি কলিউডে অভিনয় করেছেন। সেখান থেকে পয়সা কামিয়েছেন। সুরিয়াকে বিয়েও করেছেন। এখন বলছেন পোস্টারে তার ছবি নেই। কিন্তু দেখা যাচ্ছে, অনেক পোস্টারেই তা আছে।’
তবে খেয়াল করলে দেখা যাবে, জ্যোতিকা একেবারে প্রত্যাখ্যান করেননি। তিনি বলেছেন, ‘আপনারা দেখবেন দক্ষিণের সিনেমার পোস্টারে আমাকে গুরুত্ব দিয়ে উপস্থাপন করা হয়নি।’
তবে ভক্তরা যেসব পোস্টার শেয়ার করেছেন, তাতে জ্যোতিকাকে গুরুত্ব দিয়ে উপস্থাপন করা হয়েছে বলেই দেখা যায়। তিনি কমল হাসান, সুরিয়া, আর মাধবন, চিয়ান বিক্রম, জোসেফ বিজয়, উপেন্দ্র সবার সঙ্গেই অভিনয় করেছেন। উল্লেখ করা এ প্রত্যেক অভিনেতার সঙ্গেই পোস্টারে তার ছবি দেখা গেছে।










