আদিত্য ধর পরিচালিত সিনেমা ধুরন্ধর। সিনেমার গানগুলোও দর্শক পছন্দ করেছে। অক্ষয় খান্নার এন্ট্রি গানটি ভাইরাল হয়েছে, তেমনই ছবির আরো বেশ কয়েকটি গান সম্প্রতি চার্টের শীর্ষে রয়েছে। এরই মধ্যে একটি জনপ্রিয় ডান্স নাম্বার হলো ‘শারারাত’। এতে যেখানে পারফর্ম করেছেন আয়েশা খান ও ক্রিস্টল ডি’সুজা। সম্প্রতি সিনেমার ডান্স কোরিওগ্রাফার বিজয় গাঙ্গুলি জানিয়েছেন, এ গানের জন্য তার প্রথম পছন্দ ছিলেন তামান্না ভাটিয়া, কিন্তু পরিচালক আদিত্য ধর সে প্রস্তাবে রাজি ছিলেন না।
ফিল্মিজ্ঞানকে দেয়া এক সাক্ষাৎকারে বিজয় জানান, প্রথমে তার মাথায় তামান্নার নামই ছিল। তিনি বলেন, ‘আমার মাথায় তো ও-ই ছিল। আমি ওর নাম প্রস্তাব করেছিলাম, কিন্তু আদিত্য খুব স্পষ্টভাবে বলেছিল যে সে এমন কিছু চাইছে না, যেটাকে মানুষ আইটেম সং বলে বা যা গল্পের বাইরে চলে যায়। যদি শুধু একজন নারী পারফরমার রাখা হতো, তাহলে মনোযোগ গল্প থেকে সরে যেত।’
পরবর্তী সময়ে বিজয়কে আদিত্য বোঝান গানে দুজন ডান্সার রাখা উচিত। সেখান থেকেই আয়েশা ও ক্রিস্টলকে এ ডান্স নাম্বারের জন্য বেছে নেয়া হয়। বিজয় আরো যোগ করেন, ‘উনি (আদিত্য) চাননি সব মনোযোগ একজনের ওপর থাকুক। যদি তামান্না থাকতেন, তাহলে ফোকাসটা তার দিকেই চলে যেত, গল্পের দিকে নয়। সিনেমায় তখন অনেক কিছু ঘটছিল। আর যদি আপনি গল্প থেকে সরে যান, তাহলে গানটা শুধু একটা “কাট-টু সং’’ হয়ে যায়।’
তামান্না ভাটিয়া সাম্প্রতিক সময়ে তার আইটেম নাম্বার ও বিশেষ নাচের উপস্থিতির জন্য যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছেন। এর মধ্যে রয়েছে কাভাল্লা (জেলার), আজ কি রাত (স্ত্রী ২), গফুর (দ্য ব্যাডস অব বলিউড) সহ আরো বেশকিছু প্রজেক্ট। ধুরন্ধর-এ শারারাত দেখা যায় রণবীর সিংয়ের চরিত্রের বিয়ের অনুষ্ঠানে, যেখানে অতিথিদের বিনোদনের জন্য দুজন নৃত্যশিল্পী পারফর্ম করেন।
সূত্র: দি ইন্ডিয়ান এক্সপ্রেস










