অভিনেত্রী জয়া আহসান নতুন বছরের শুরুতেই ভক্তদের জন্য সুখবর দিলেন। গত বছর মুক্তিপ্রাপ্ত ‘তাণ্ডব’, ‘উৎসব’, ‘পুতুলনাচের ইতিকথা’, ‘ফেরেশতে’, ‘জয়া আর শারমিন’, ‘ডিয়ার মা’সহ একাধিক সিনেমায় তিনি দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন।
সে ধারাবাহিকতায় আগামী ৬ ফেব্রুয়ারি ভারতের পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে জয়ার নতুন সিনেমা ওসিডি। এটি পশ্চিমবঙ্গের পরিচালক সৌকর্য ঘোষালের মনস্তাত্ত্বিক থ্রিলার। সিনেমায় জয়া অভিনয় করেছেন শ্বেতা নামের একজন চিকিৎসকের চরিত্রে। গল্প আবর্তিত হয়েছে শ্বেতার জীবনের এক তিক্ত অতীত ও মানসিক ট্রমাকে কেন্দ্র করে।
নিজের ফেসবুকে পোস্টারটি শেয়ার করে জয়া লিখেছেন, ‘মনের কোণের সব দীনতা-মলিনতা ধুইয়ে দাও।’
এ সিনেমার কাজ ২০২১ সালে শেষ হলেও তখন এটি মুক্তি পায়নি। ২০২২ সালে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এর ওয়ার্ল্ড প্রিমিয়ার হয় এবং পরবর্তী সময় আরো কয়েকটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে। এবার প্রেক্ষাগৃহে সাধারণ দর্শকও দেখতে পারবে।
সিনেমা প্রসঙ্গে পরিচালক সৌকর্য ঘোষাল বলেন, ‘সিনেমাটি আমার প্রতিবাদের এক ভাষা বলা যেতে পারে। এতে এমন কিছু মানুষ ও শিশুদের কথা তুলে ধরা হয়েছে যারা প্রতিনিয়ত কিছু ঘটনার শিকার হয়। এসব তারা কখনো মুখ ফুটে বলতেও পারে না। আমি নিজে এমন অনেক শিশুকে দেখেছি, যারা পরিবারকে পাশে না পেয়ে চুপ থেকে যায়। অপরাধীরা সমাজে বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়। মাঝখান থেকে একটি গোটা জীবন নষ্ট হয়ে যায়, যার কোনো সমাধান নেই।’










