বাংলাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী ফাহমিদা নবী। দীর্ঘদিন ধরেই শ্রোতাদের উপহার দিয়ে যাচ্ছেন স্মরণীয় সব গান। আধুনিক গান থেকে শুরু করে নানা ঘরানার সংগীতে তার কণ্ঠের আলাদা আবেদন রয়েছে। সময়ের সঙ্গে তাল মিলিয়ে নতুন সুরকার ও গীতিকারদের গানেও তিনি নিয়মিত কণ্ঠ দিচ্ছেন। সে ধারাবাহিকতায় এবার তার কণ্ঠে প্রকাশ পেতে যাচ্ছে নতুন তিনটি গান।
এ তিন গানের সুর করেছেন শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী ও সুরকার শামস সুমন। সাধারণত গায়ক হিসেবেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন তিনি। এর আগে নিজের জন্য গানের সুর করলেও এই প্রথমবারের মতো ফাহমিদা নবীর জন্য একসঙ্গে তিনটি গানের সুর করলেন শামস। গান তিনটির শিরোনাম ‘দুঃখের দলিল’, ‘আসল না বৃষ্টি’ ও ‘ইচ্ছে করে’। তিনটি গানই লিখেছেন গীতিকার গোলাম মোর্শেদ। সংগীতায়োজন করেছেন আরাফাত বসনিয়া।
এ তিন গান প্রকাশের মূল উদ্যোগ নিয়েছেন গোলাম মোর্শেদ। হঠাৎ ফাহমিদা নবীর জন্য একসঙ্গে তিনটি গানের সুর করা প্রসঙ্গে শামস সুমন বলেন, ‘মূলত শ্রদ্ধেয় গোলাম মোর্শেদ ভাই গানগুলো প্রকাশের উদ্যোগ নেন। মোর্শেদ ভাই ও ফাহমিদা আপা দীর্ঘ ২৫ বছর ধরে একসঙ্গে কাজ করছেন। একসময় মোর্শেদ ভাই নিজেই ফাহমিদা আপাকে আমার একটি সুর করা গান শোনান। গানটি আপার ভালো লাগে। পরে আরো দুটি গান শোনানো হলে সেগুলোও তার পছন্দ হয়। সে কারণে তিনটি গানই ফাহমিদা আপা গেয়েছেন। গত কয়েক মাসে তিনটি গানের কাজ সম্পন্ন হয়েছে। এরই মধ্যে গানগুলোর মিউজিক ভিডিওর কাজও শেষ হয়েছে।
তিনটি গানই ফাহমিদা নবীর একক গান। গানগুলো নিয়ে নিজের অনুভূতি জানাতে গিয়ে তিনি বলেন, ‘সুমন খুব ভালো সুর করে। তার সুরের মধ্যে নাইনটিজের একটি সিগনেচার আছে, যা আমাকে খুব আকৃষ্ট করেছে। আমি সুমনের সুরের মূর্ছনায় এ তিন গানেই শব্দে শব্দে, সুরে সুরে যেন সুরের সাগরে ডুবে গিয়েছি। গীতিকারও প্রতিটি গান এক কথায় মনে গেঁথে থাকার মতো করে লিখেছেন। তিনটি গান নিয়েই আমি ভীষণ আশাবাদী।’
এদিকে আজ ফাহমিদা নবীর জন্মদিন। এ উপলক্ষে তিনি সবার কাছে দোয়া চেয়েছেন, যেন তিনি সুস্থ ও ভালো থাকতে পারেন এবং ভবিষ্যতেও আরো ভালো ভালো গান শ্রোতাদের উপহার দিতে পারেন।










