আলিয়ঁস ফ্রঁসেজ এবার নিয়ে এল নতুন এক আয়োজন। আজ থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে পাওমুম পার্বণ ২০২৫। লামা, বান্দরবান থেকে আগত ম্রো শিশু ও সম্প্রদায়ের সদস্যদের অংশগ্রহণে একটি সপ্তাহব্যাপী সাংস্কৃতিক উৎসব। আয়োজনটি ম্রো ভাষা, শিল্পকলা, সংগীত ও সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরার পাশাপাশি রাজধানীতে প্রথমবারের মতো আদিবাসী শিশুদের সৃজনশীল কাজ প্রদর্শনের সুযোগ করে দেবে।
লামায় অবস্থিত পাওমুম থারক্লা একটি সম্প্রদায়নির্ভর বিদ্যালয়। এটি ১০ বছরেরও বেশি সময় ধরে ম্রো ভাষা, সাংস্কৃতিক চর্চা এবং শিশু শিক্ষার উন্নয়নে কাজ করে যাচ্ছে। উৎসবে অংশ নেয়া অনেক শিশুর জন্য এটিই পাহাড়ের বাইরে তাদের জীবনের প্রথম অভিজ্ঞতা।
উৎসবে শিশুদের তৈরি শিল্পকর্ম, বাঁশের কারুশিল্প, ফটোগ্রাফি, বুননের প্রদর্শনী, শর্ট ফিল্ম এবং লাইভ পারফরম্যান্স যেমন ম্রো নৃত্য, গান ও ঐতিহ্যবাহী প্লাং বাঁশি উপস্থাপন করা হবে। এছাড়া সপ্তাহজুড়ে বিভিন্ন কর্মশালা, গাইডেড ট্যুর এবং সম্প্রদায়ভিত্তিক সংলাপ অনুষ্ঠিত হবে।
উৎসবটি সবার জন্য উন্মুক্ত। দর্শক প্রদর্শনী ঘুরে দেখার পাশাপাশি শিশু ও সম্প্রদায়ের সঙ্গে মিশে ম্রো জনগোষ্ঠীর সাংস্কৃতিক ঐতিহ্য উপভোগ করতে পারবে।










