বাংলাদেশের নাট্যাঙ্গনের জনপ্রিয় অভিনেতা জোভান ও এ প্রজন্মের আলোচিত অভিনেত্রী আইশা খান অভিনীত বেশকিছু নাটক এরই মধ্যে দর্শকপ্রিয়তা পেয়েছে। এ সফল জুটিকে নিয়ে এবার নির্মাণ হলো নতুন নাটক আবেগ। নাটকটির রচনা করেছেন রেজাউল আলম শাওন ও নির্মাণে রয়েছেন নাট্যনির্মাতা তুহিন হোসেন।

নাটকটির নির্মাণ কাজ এরই মধ্যে শেষ করেছেন তুহিন হোসেন। তিনি বলেন, ‘আবেগ নাটকটি মূলত আমাদের জীবনে ঘটে যাওয়া সমসাময়িক ঘটনাগুলোর প্রতিচ্ছবি। জোভান-আইশা জুটিকে নিয়ে এটি আমার নির্মিত অন্যতম ভালো লাগার কাজ। জোভান এরই মধ্যে অভিনেতা হিসেবে দর্শকের ভালোবাসায় নিজেকে একটি গুরুত্বপূর্ণ অবস্থানে নিয়ে গেছেন। বলা চলে, তিনি এখন একজন পরীক্ষিত ও নির্ভরযোগ্য অভিনেতা। সে কারণেই তিনি এ প্রজন্মের ব্যস্ততম অভিনয়শিল্পীদের একজন। নিঃসন্দেহে তিনি চমৎকার অভিনয় করেন। তার সঙ্গে আইশা খানও এ সময়ের তরুণ অভিনয়শিল্পীদের মধ্যে বেশ ভালো করছে। যদিও শুরুতে আইশা উপস্থাপনায় সক্রিয় ছিলেন, এখন অভিনয়েই তিনি পুরোপুরি মনোনিবেশ করেছেন এবং দারুণ কাজ করছেন। এ নাটকের গল্পে তারা দুজন এতটাই স্বাভাবিক ও হৃদয়গ্রাহী অভিনয় করেছেন যে আমি অত্যন্ত সন্তুষ্ট এবং বিশ্বাস করি দর্শকও মুগ্ধ হবে।’

নাটকটিতে অভিনয় প্রসঙ্গে আইশা খান বলেন, ‘আমরা চেষ্টা করেছি যতটা সম্ভব গুছিয়ে কাজ করার। তুহিন ভাই সাধারণত রোমান্টিক ঘরানার নাটক কম করেন, তাই এবারের কাজটি তিনি অনেক যত্ন নিয়ে করেছেন। শাওন ভাইয়ের গল্প ও চিত্রনাট্য, বিশেষ করে জোভান ভাইয়ার চরিত্রটি আমার দারুণ ভালো লেগেছে। আশা করি, দর্শকেরও জোভানের চরিত্র আর নাটকের পুরোটাই ভালো লাগবে।’

আবেগ এ নাটকের চিত্রগ্রহণে ছিলেন এসআর নিহাদ। এটি ২৩ জুলাই বেলায় ৩টায় এনটিভিতে প্রচার হবে।

উল্লেখ্য, এর আগে জোভান ও আইশা খান জুটিকে দর্শক একাধিক নাটকে একসঙ্গে পর্দায় পেয়েছেন—‘লাভ বাইট’, ‘থেমে যেতে নেই’, ‘অনামিকা’, ‘দুটি মন’, ‘লাস্ট উইশ’ ও ‘সে প্রথম প্রেম আমার’ নাটকগুলোয়।

এদিকে নির্মাতা তুহিন হোসেন সম্প্রতি তানিয়া বৃষ্টিকে নিয়ে নির্মাণ করেছিলেন ঈদ উপলক্ষে নাটক ‘জয়িতার দিনরাত্রি’। পাশাপাশি ১৪ জুলাই এনটিভির ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে তার পরিচালিত নাটক ‘শেষ গান’। সারোয়ার রেজার রচনায় নির্মিত এ নাটকে জোভানের অভিনয় দর্শকমহলে এরই মধ্যে প্রশংসা কুড়িয়েছে।