নোরা ফাতেহি আন্তর্জাতিক বিনোদন অঙ্গনে একটি বিরল মাইলফলক অর্জন করেছেন। তিনি একমাত্র ভারতীয় অভিনেত্রী, যিনি ফিফা বিশ্বকাপের একটি অনুষ্ঠান এবং ক্রিকেট বিশ্বকাপের একটি উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করেছেন। এ সাফল্য তাকে সেই অল্প কয়েকজন শিল্পীর কাতারে স্থান দিয়েছে, যারা বিশ্বের দুই বৃহত্তম ক্রীড়া মঞ্চে লাইভ পারফরম্যান্সের মাধ্যমে উপস্থিতি জানান দিয়েছেন।
নোরা ফাতেহির প্রথম বড় আন্তর্জাতিক ক্রীড়া উপস্থিতি ছিল ফিফা বিশ্বকাপ ২০২২-এ। এ আয়োজনের সমাপনী অনুষ্ঠানে পারফর্ম করেন তিনি। নোরা অফিশিয়াল বিশ্বকাপ অ্যান্থেম ‘লাইট দ্য স্কাই’-এর অংশ ছিলেন এবং বিশ্বব্যাপী দর্শকের সামনে গান ও কোরিওগ্রাফির সমন্বয়ে লাইভ পরিবেশনা দেন। তিনি অ্যান্থেমের অংশ হিসেবে হিন্দিতেও গান গেয়েছিলেন। এর মাধ্যমে তিনি বিশ্বজুড়ে কোটি দর্শকের সামনে ভারতীয় সংস্কৃতির ছোঁয়া তুলে ধরেছেন। বিশ্বের অন্যতম সর্বাধিক দর্শকপ্রিয় ক্রীড়া আসরে তার উপস্থিতি ভারতীয় প্রতিনিধিত্বের জন্য ছিল একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত।
এ আন্তর্জাতিক সাফল্যের পর তিনি ঘরের মাটিতেও বড় মঞ্চে পারফর্ম করেন। মুম্বাইয়ে অনুষ্ঠিত আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি পারফর্ম করেন। টুর্নামেন্ট শুরুর আগে মঞ্চে উঠে তিনি শক্তিশালী পরিবেশনার মাধ্যমে স্টেডিয়াম মাতিয়ে তোলেন এবং বড় লাইভ দর্শক ও টেলিভিশন সম্প্রচারের মঞ্চে তার দক্ষতা আবারো প্রমাণ করেন।
ক্রীড়া অনুষ্ঠান ছাড়াও আন্তর্জাতিক বিনোদন অঙ্গনে তার উপস্থিতি ক্রমেই বিস্তৃত হয়েছে। তিনি ‘দ্য টুনাইট শো স্টারিং জিমি ফ্যালন’-এ অংশ নেন। সেখানে জ্যামাইকান ডান্সহল শিল্পী শেন্সিয়ার সঙ্গে ‘জাস্ট আ গার্ল’ (হোয়াট ডু আই নো)’ গানটি পরিবেশন করেন। এ উপস্থিতি তাকে আন্তর্জাতিক পপ সংস্কৃতির মূলধারায় আরো পরিচিত করে তোলে।
এছাড়া তিনি ‘আনটোল্ড দুবাই’র মতো বৃহৎ সংগীত উৎসবেও পারফর্ম করেছেন। ক্রীড়া ও বিনোদনের এ বহুমাত্রিক মঞ্চে পারফরম্যান্স তার চলচ্চিত্র এবং মিউজিক ভিডিওর বাইরেও বিস্তৃত আন্তর্জাতিক উপস্থিতির প্রমাণ দেয়। ফুটবলের বিশ্বমঞ্চ থেকে ক্রিকেটের বৈশ্বিক আসর—নোরা ফাতেহির লাইভ পারফরম্যান্স দেখায়, ভারতীয় শিল্পীরা ক্রমেই বিশ্বের সবচেয়ে দৃশ্যমান মঞ্চগুলোয় নিজেদের জায়গা করে নিচ্ছেন।
সূত্র: বলিউড হাঙ্গামা










