অভিনেতা রাজ কাপুর ও দিলীপ কুমারের আদি নিবাস পেশোয়ারে। এটি বর্তমানে পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ার অন্তর্গত। সম্প্রতি সেখানে বাড়ি দুটির সংস্কারকাজ শুরু হয়েছে। সেখানে প্রত্নতত্ত্ব বিভাগের পরিচালক ড. আবদুস সামাদের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম ইয়নের সূত্রে জানা গেছে, দুটি বাড়ি সংস্কার করতে প্রায় ৭ কোটি রুপি খরচ হবে।

খাইবার পাখতুনখাওয়ার সরকারই সংস্কারের কাজটি করছে। তারা এরই মধ্যে প্রয়োজনীয় অর্থ মঞ্জুর করেছে। ঐতিহাসিক এ দুই বাড়ি সংস্কারের ক্ষেত্রে বাড়িগুলোর গঠন ও ঐতিহাসিক বিষয়াদি অক্ষুণ্ন রাখার বিষয়ে গুরুত্ব দেয়া হবে।

9

কাজের দায়িত্ব দেয়া হয়েছে প্রত্নতত্ত্ব বিভাগ ও জাদুঘরের পরিচালনা পর্ষদকে। তারা বাড়ি দুটোর ভূতপূর্ব অবস্থা তথা মৌলিকত্ব রক্ষার বিষয়ে মনোযোগী হবে। সংস্কারের পর বাড়ি দুটিকে জাদুঘরে পরিণত করা হবে, এমনটাই জানিয়েছে কর্তৃপক্ষ।

এর আগে ২০১৪ সালের ১৩ জুলাই পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ এ দুই বাড়িকে হেরিটেজ সাইট ঘোষণা করেন।

সূত্র: ইয়ন