বিশ্ববিখ্যাত টেলিভিশন সিরিজ ডসন’স ক্রিক। এতে অভিনয় করে খ্যাতি পেয়েছিলেন জেমস ভ্যান ডার বিক। তিনি আর নেই। গতকাল ৪৮ বছর বয়সে মারা যান তিনি। দীর্ঘ সময়ের ক্যান্সারের সঙ্গে লড়াই করেছেন এ অভিনেতা। অভিনেতার স্ত্রী কিমবারলি ভ্যান ডার বিক ইনস্টাগ্রামে এ খবর প্রকাশ করেন।

কিমবারলি একটি বার্তায় লিখেছেন, ‘আমাদের প্রিয় জেমস ডেভিড ভ্যান ডার বিক আজ সকালে শান্তভাবে শেষ দিনগুলো পার করেছেন। তিনি তার শেষ দিনগুলো সাহস, বিশ্বাস ও মর্যাদার সঙ্গে কাটিয়েছেন।’ পরিবারের পক্ষ থেকে এ কঠিন সময়ে শান্তি ও গোপনীয়তা বজায় রাখার অনুরোধ জানানো হয়েছে।

ভ্যান ডার বিক ডসন’স ক্রিক সিরিজে ডসন লিয়ারি চরিত্রে অভিনয় করে সারা বিশ্বের দর্শকের হৃদয়ে স্থান করে নিয়েছিলেন। সিরিজটির পাশাপাশি তিনি ভার্সিটি ব্লুজ, সিএসআই: সাইবার, ডোন্ট ট্রাস্ট বিসহ অসংখ্য চলচ্চিত্র ও ধারাবাহিকে কাজ করেছেন।

তিনি ২০২৪ সালে স্টেজ থ্রি কলোরেক্টাল ক্যান্সারে আক্রান্ত হন। অভিনেতা নিজেই তা প্রকাশ করেছিলেন। যদিও প্রথম দিকে তা গোপন রাখেন। দীর্ঘ চিকিৎসা ও জনসচেতনতামূলক প্রচেষ্টার পরেও তার স্বাস্থ্য ধীরে ধীরে অবনতি হয়।

সারা মিশেল গেলার, চ্যাড মাইকেল মারেসহ আরো অনেকে ইনস্টাগ্রাম পোস্টের মন্তব্যে ভ্যান ডার বিককে শ্রদ্ধা জানিয়েছেন। গেলার লিখেছেন, ‘তোমাদের সুন্দর পরিবারের জন্য আমি গভীরভাবে শোকাহত। জেমসের উত্তরাধিকার চিরকাল বেঁচে থাকবে, কিন্তু এটি শুধু তোমাদের পরিবারের জন্য নয়, পুরো বিশ্বের জন্যই এক বিশাল ক্ষতি। ক্যান্সার ধ্বংস হোক।’

মারে একই ধরনের অনুভূতি প্রকাশ করে লিখেছেন, ‘তোমাদের সুন্দর পরিবারের প্রতি ভালোবাসা ও আলো পাঠাচ্ছি। জেমস ছিলেন এক মহীরুহ। তোমরা যা পার করছ, তার জন্য আমরা ভীষণ দুঃখিত। তার কথা, শিল্পকর্ম ও মানবিকতা আমাদের সবাইকে অনুপ্রাণিত করেছে—তিনি আমাদের সব দিক থেকেই আরো ভালো মানুষ হতে শিখিয়েছেন। ঈশ্বর তোমাদের মঙ্গল করুন।’

সূত্র ও ছবি: ভ্যারাইটি