অভিনেত্রী ডলি জহুরের সঙ্গে বহু নাটকে অভিনয় করেছেন অভিনেত্রী দীপা খন্দকার। তবে সময়ের ব্যবধানে বর্তমানে একসঙ্গে নাটকে খুব বেশি কাজ করা হয় না। তবুও এরই মধ্যে নতুন একটি নাটকে আবারো একসঙ্গে অভিনয় করেছেন এ দুই জনপ্রিয় অভিনেত্রী। নাটকটির নাম বউ শাশুড়ি। রাজধানীর ধানমন্ডিতে এর শুটিংয়ের কাজ এরই মধ্যে সম্পন্ন হয়েছে।

জানা গেছে, নাটকটি মূলত এমএসএম ড্রামা ইউটিউব চ্যানেলে প্রচার হবে। এটি রচনা ও নির্মাণ করেছে এমএসএম টিম। শিগগিরই নাটকটি দর্শকের জন্য প্রকাশ করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

নাটকটিতে অভিনয় প্রসঙ্গে ডলি জহুর বলেন, ‘‌নাটকের নাম শুনলেই কিছুটা হলেও গল্পের ধরন বোঝা যায়। এ নাটকে ড্রাইভার চরিত্রে যিনি অভিনয় করেছেন, তিনিই মূলত শাশুড়ি ও বউয়ের মাঝখানে নানা ধরনের সমস্যা তৈরি করেন। সাধারণত বউ ও শাশুড়ির মধ্যে যে সমস্যাগুলো দেখা যায়, সেগুলোকে নানা কথা ও বুদ্ধির মাধ্যমে আরো বাড়িয়ে তোলার চেষ্টা করা হয়েছে। গল্পটি বেশ উপভোগ্য। আশা করছি দর্শকের ভালো লাগবে।’