মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনে গতকাল রাত ১০টায় প্রচারিত হয়েছে বিশেষ আলেখ্যানুষ্ঠান বিজয়ের আলো। বিজয়ের গৌরব, মুক্তিযুদ্ধের চেতনা ও স্বাধীনতার আনন্দকে সংগীতের ভাষায় তুলে ধরতেই এ বিশেষ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে দেশের একদল কণ্ঠশিল্পী সম্মিলিতভাবে পরিবেশন করেন দুটি দেশাত্মবোধক গান। গাওয়া হয় দুর্গম গিরি, কান্তার-মরু, দুস্তর পারাবার হে এবং তীর হারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে। প্রথম গানটি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখা, যার সুর করেছিলেন তার সংগীতসহচর ও স্বরলিপিকার নিতাই ঘটক। গানটি মুক্তির সংগ্রাম ও অদম্য সাহসের প্রতীক হিসেবে দীর্ঘদিন ধরে বাঙালির অনুপ্রেরণার উৎস হয়ে আছে।

অন্যদিকে তীর হারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে গানটি লিখেছেন ও সুর করেছেন আপেল মাহমুদ। মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত মোরা একটি ফুলকে বাঁচাব বলে যুদ্ধ করি গানের কণ্ঠশিল্পী হিসেবে তিনি সবচেয়ে বেশি পরিচিত। দেশাত্মবোধক গানের পাশাপাশি তিনি রবীন্দ্রসংগীত, লালনগীতি, গণসংগীত ও আধুনিক ধারার গানেও নিয়মিত কণ্ঠ দিয়েছেন।

বিটিভিতে প্রচারিত বিজয়ের আলো অনুষ্ঠানে গান দুটি পরিবেশন করেন নোলক বাবু, এইচএম আলাউদ্দিন, তানজিন মিথিলা, অনিরুদ্ধ শুভ, নুযহাত সাবিহা পুষ্পিতা, অনিন্দিতা সাহা অথৈ, মেঘলা রহমান, পিয়া সরকার, আরমিন জামান, ফারিহা জাহান, রাকা পপি, শিলা দেবী ও জয় দীপু সূত্রধর।

গান পরিবেশন প্রসঙ্গে ২০২৩ সালের সেরাকণ্ঠের শীর্ষে থাকা এবং ময়মনসিংহের সন্তান অনিরুদ্ধ শুভ বলেন, ‘বিজয়ের মাসে বিজয়ের দিনে, তাও আবার জাতীয় প্রচারমাধ্যম বাংলাদেশ টেলিভিশনে এমন দুটি গানে শিল্পী হিসেবে অংশ নিতে পারা নিঃসন্দেহে অনেক ভালো লাগার।’ তিনি আরো বলেন, ‘সবাই মিলে আন্তরিক চেষ্টা করেছেন গান দুটি যথাযথভাবে পরিবেশন করার।’ পাশাপাশি এ দুটি গান নির্বাচনের মাধ্যমে বিজয়ের চেতনাকে আরো ছড়িয়ে দেয়ার জন্য তিনি বিটিভি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।