আবু হায়াত মাহমুদ পরিচালিত এবং শাকিব খান অভিনীত ‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’ চলচ্চিত্রের এ গানের কথা লিখেছেন রাসেল মাহমুদ রুশো। সুর ও সংগীতায়োজনে প্রীতম হাসানের সৃজনশীল ছাপ একে দিয়েছে সমসাময়িকতার দীপ্তি।

গত ২০ মার্চ প্রীতম হাসানের নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশ হওয়ার পর গানটি দ্রুত পৌঁছে যায় লক্ষাধিক দর্শকের কাছে। রুনা লায়লার কণ্ঠের অনবদ্য মাধুর্য, যা যুগের পর যুগ ধরে শ্রোতাদের আবিষ্ট করে রেখেছে। এ গানেও তা যেন আবার নতুন মাত্রায় ধরা দিয়েছে। সমকালীন সংগীত বিন্যাসের ভেতর তার কণ্ঠের শুদ্ধতা ও আবেগের গভীরতা শ্রোতা-দর্শককে প্রতিনিয়ত মুগ্ধ করে চলেছে।

গানটির দৃশ্যায়নে শাকিব খানের সঙ্গে রয়েছেন তাসনিয়া ফারিন, যার উপস্থিতি গানের ভিজুয়াল ভাষাকে দিয়েছে আলাদা আবেদন। প্রকাশের পর থেকেই গানটি বাংলাদেশ ছাড়িয়ে ভারত ও পাকিস্তানেও পেয়েছে অভূতপূর্ব সাড়া। যেন এটি উপমহাদেশীয় সংগীতপ্রবাহের এক গুরুত্বপূর্ণ সংযোজনে পরিণত হয়েছে। বিশেষ করে নতুন প্রজন্মের শিল্পীদের কাছ থেকে রুনা লায়লা পেয়েছেন উচ্ছ্বাস ও অনুপ্রেরণার বার্তা।

নিজের অভিজ্ঞতা ভাগ করে নিতে গিয়ে তিনি বলেন, ‘এটি প্রীতম হাসানের কম্পোজিশনে আমার সঙ্গে প্রথম কাজ। একটি নতুন অভিজ্ঞতা, যেখানে সময়ের সঙ্গে নিজেকে মানিয়ে নিয়ে শ্রোতাদের জন্য ভিন্ন এক উপহার তুলে ধরতে চেয়েছি। গানটি মুক্তির পর পরই যে বিপুল সাড়া পেয়েছি, তা আমার কাছে গভীর আনন্দের।’ প্রীতম হাসানের মেধা, বিনয় ও সংগীতনিষ্ঠার প্রশংসা করতে গিয়ে তিনি বলেন, ‘ভবিষ্যতেও নতুন প্রজন্মের সঙ্গে সুরের এ সেতুবন্ধন অটুট রাখতে চাই আমি। ভালো কথা ও সুর পেলে চলচ্চিত্রের জন্য অবশ্যই গান করব।’