বলিউডের এ মুহূর্তে ফারহান আখতার নানা আলোচনার কেন্দ্রে আছেন। প্রযোজনা সংস্থার সঙ্গে টানাপড়েন, ‘ডন ৩’ ঘিরে বিতর্ক এবং আর্থিক দাবি-পাল্টাদাবির উত্তাপ চলছে। গত বছর নভেম্বরে মুক্তি পায় ফারহান অভিনীত ১২০ বাহাদুর। সিনেমাটি খুব বেশি পাত্তা পায়নি দর্শকের মধ্যে। এর আগে-পরে ডন থ্রি নিয়ে বিতর্ক চলমান। সব মিলিয়ে ফারহান আখতারের নাম বারবার শিরোনামে উঠেছে। তবে এ আলোড়নের মাঝেই এল এক বড় আন্তর্জাতিক সুখবর। হলিউডের একটি সিনেমায় অভিনয় করবেন তিনি। স্পেকটার, স্কাইফলখ্যাত স্যাম মেন্ডিস নির্মাণ করছেন দ্য বিটলস। এই সিনেমায় ফারহান অভিনয় করবেন পণ্ডিত রবি শঙ্করের চরিত্রে। প্রযোজনা সংস্থা সনি পিকচার্স এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে এই কাস্টিংয়ের ঘোষণা করেছে।
এ প্রকল্প নিছক আর একটি বায়োপিক নয়; বরং আধুনিক সংগীতের ইতিহাসে এক যুগান্তকারী অধ্যায়ের পুনর্নির্মাণ। ষাটের দশকে রবিশঙ্কর ও বিটলসের গিটারবাদক জর্জ হ্যারিসনের বন্ধুত্ব ও সৃজনশীল সখ্য শুধু ব্যক্তিগত সম্পর্কেই সীমাবদ্ধ ছিল না, তা হয়ে উঠেছিল এক সাংস্কৃতিক সেতুবন্ধের প্রতীক। রবিশঙ্করের হাত ধরেই জর্জ হ্যারিসন ভারতীয় শাস্ত্রীয় সংগীতের গভীরে প্রবেশ করেন। সেই প্রভাব পড়ে বিটলসের সুর ও সংগীতে। সেতারের ব্যবহার, রাগভিত্তিক সুরের বিন্যাস এবং প্রাচ্য দর্শনের প্রতি আকর্ষণ ব্যান্ডের সংগীতচিন্তায় এক নতুন মাত্রা যোগ করে। পশ্চিমা রক ও ভারতীয় শাস্ত্রীয় সংগীতের এ মিলন বিশ্বসংস্কৃতির ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত হয়ে আছে।
স্যাম মেন্ডিসের পরিকল্পনা আরো অভিনব। চারটি স্বতন্ত্র চলচ্চিত্রে বিটলসের কাহিনী বলা হবে চার সদস্যের নিজস্ব দৃষ্টিকোণ থেকে। ব্যান্ডের উত্থান, বিশ্বজোড়া খ্যাতি এবং শেষ পর্যন্ত ১৯৭০ সালে বিচ্ছেদ—সবটাই উঠে আসবে এ চার পর্বে। জানা গেছে, ২০২৮ সালের এপ্রিলে ধারাবাহিকভাবে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিগুলো।
ব্যান্ডের সদস্যদের ভূমিকায় অভিনয় করছেন সমকালীন প্রজন্মের একঝাঁক আলোচিত অভিনেতা। পল ম্যাকার্টনির চরিত্রে পল মেসকাল, জন লেননের ভূমিকায় হ্যারিস ডিকিনসন, রিঙ্গো স্টারের চরিত্রে ব্যারি কিওগান এবং জর্জ হ্যারিসনের ভূমিকায় জোসেফ কুইনকে দেখা যাবে।
সূত্র: দি ইন্ডিয়ান এক্সপ্রেস










