৩১টি সিজন শেষ করেছে দুরন্ত টিভি। আজ চ্যানেলটি শুরু করতে যাচ্ছে ৩২তম সিজনের অনুষ্ঠানমালা। থাকছে নতুন অনুষ্ঠান ‘আমার ছবি আমার গল্প—সিজন ৪’। তিনটি নতুন কার্টুন সিরিজ—‘জিগি অ্যান্ড দ্য জুট্রাম’, ‘স্কুল অব রোয়ার্স’ ও ‘ল্যাসি—সিজন ২’। পাশাপাশি প্রচার হবে দুরন্ত টিভির অন্যান্য নিয়মিত অনুষ্ঠান, কার্টুন সিরিজ ও সিনেমা।
দুরন্ত টিভিতে নতুনভাবে আসছে ছবি আঁকা আর গল্প বলার অনুষ্ঠান আমার ছবি আমার গল্পর চতুর্থ সিজন। অনুষ্ঠানটির প্রতি পর্বে দুজন দুরন্ত বন্ধু তাদের ছবি ও গল্পসহ হাজির হয় স্টুডিওতে। তাদের আঁকা সে ছবিগুলোই মোশন গ্রাফিকস ও গল্প বলার মাধ্যমে তুলে ধরা হয় এ অনুষ্ঠানে।
থাকছে নতুন কার্টুন সিরিজ জিগি অ্যান্ড দ্য জুট্রাম। দেখা যাবে, কিছু প্রাণীর একটি দল প্রতিদিন ট্রামে চড়ে বন থেকে চিড়িয়াখানায় আসে। এ দলে আছে হাতি, জিরাফ, ভালুক, পেঙ্গুইনসহ বিভিন্ন রকমের জীবজন্তু। চিড়িয়াখানায় যাওয়ার পথে প্রতিদিন তারা নিত্যনতুন ঝামেলার মুখোমুখি হয়। কিন্তু সবাই একসঙ্গে কাজ করে ঝামেলা মিটিয়ে ঠিকই চিড়িয়াখানায় পৌঁছে যায়। প্রতিদিন তাদের বন থেকে চিড়িয়াখানায় যাওয়ার মজার মজার গল্প নিয়ে কার্টুন সিরিজ জিগি অ্যান্ড দ্য জুট্রাম।
নতুন কার্টুন সিরিজ স্কুল অব রোয়ার্স। এটি একটি প্রি-স্কুল। পাঁচ বন্ধুর একটা দারুণ টিম আছে স্কুলে। স্কুলের টিচার ওদের অনেক ভালোবাসেন। ছবি আঁকা, খেলাধুলা, পড়াশোনা বা কোনো সমস্যা তৈরি হলে সেগুলোর সমাধানে টিচার এগিয়ে আসেন। অন্য কেউ যখন কোনো বিপদে পড়ে, তখন এ পাঁচ বন্ধু তাদের বিপদ থেকে উদ্ধার করে। পাঁচ বন্ধুর ছোট্ট বয়সের নানা ঘটনা আর গল্প স্কুল অব রোয়ার্স।
ল্যাসির গল্পটাও সুন্দর। বাবা-মায়ের সঙ্গে ১০ বছরের জোয়ি একটা ন্যাশনাল পার্কে থাকে। একদিন জোয়ি পাহাড়ের ঢালে খুঁজে পায় এক কুকুরছানা। তার নাম রাখে ল্যাসি। ছোট্ট কুকুরছানা ল্যাসি একদিন বড় হয়ে ওঠে। জোয়ি আর ল্যাসি তাদের অন্য বন্ধু, হুডিনি, কুপার, পিকা ও বিফকে সঙ্গে নিয়ে নানা চ্যালেঞ্জিং অভিযানে যায়। জোয়ির সবচেয়ে ভালো বন্ধু হার্ভিও থাকে তাদের সঙ্গে। ল্যাসির সাহসিকতায় তারা তাদের অভিযানগুলোর চ্যালেঞ্জ মোকাবেলা করে। সেই সঙ্গে অর্জন করে নতুন নতুন অভিজ্ঞতা। আর তাদের বন্ধুত্ব হয় আরো শক্তিশালী।










