উপমহাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী রাহাত ফতেহ আলী খান। পাকিস্তানের এ শিল্পী বলিউডে গাইতে শুরু করার পর আরো জনপ্রিয় হয়ে ওঠেন। তিনি সংগীত দিয়ে পৌঁছে গেছেন বিশ্বের নানা প্রান্তে। তার গানে বুঁদ হয়ে আছে আরব সাগর থেকে ভারত মহাসাগরের তাবৎ সীমারেখা। এ অসামান্য সফল কণ্ঠের সঙ্গে এবার যুক্ত হলো বাংলা গানের এক তরুণ শিল্পী। তিনি রুবাইয়াত জাহান। এ দুই কণ্ঠের মিশেলে এবার আসছে নীরব ভালোবাসার গান ‘তুমি আমার প্রেম পিয়াসা’।
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গীতিকার কবির বকুলের লেখা ও আন্তর্জাতিক বলয়ে দাপিয়ে বেড়ানো সংগীত পরিচালক রাজা কাশেফের সুর ও সংগীতে লন্ডনে চিত্রায়িত গানটির ভিডিওতে অংশ নিয়েছেন রাহাত ফতেহ আলী খান। গানটি প্রকাশ করছে ধ্রুব মিউজিক স্টেশন।
বাংলা গানের প্রতি রাহাত ফতেহ আলী খানের অন্য রকম এক ভালোবাসা আছে, তিনি খুব আন্তরিকতার সঙ্গে গানটি গেয়েছেন বলে জানালেন সহশিল্পী রুবাইয়াত জাহান। উপমহাদেশের এ কিংবদন্তির সঙ্গে দ্বৈত গান করে উচ্ছ্বসিত হয়ে রুবাইয়াত বলেন, ‘আমার কাছে মনে হলো, আকাশের চাঁদ হাতে পেলাম। আমি মনে করি, এটা আমার জীবনের অন্যতম একটি অর্জন। আমি আমার গায়কীর সেরাটা দেয়ার চেষ্টা করেছি এ গানে। আশা করছি, ভালোবাসার এ গান পৌঁছে যাবে মানচিত্র পেরিয়ে দূরে বহুদূরে।’
ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) জানায়, আগামী ২ সেপ্টেম্বর তাদের ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে গানটির ভিডিও। এছাড়া এ গান শোনা যাবে স্বাধীন মিউজিক, স্পটিফাই, অ্যাপল মিউজিকসহ দেশী-বিদেশী একাধিক মিউজিক প্লাটফর্মে।










