তারকা দম্পতি তৌকীর আহমেদ ও বিপাশা হায়াত অভিনয়ে এখন অনিয়মিত হলেও বিভিন্ন সৃজনশীল কাজে তারা রয়েছেন সরব। একজন ব্যস্ত নির্মাণে, অন্যজন লেখালেখি ও আঁকাআঁকিতে। সে ধারাবাহিকতায় এবার একসঙ্গে যুক্ত হলেন একটি রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের সঙ্গে শুভেচ্ছাদূত হিসেবে।

সম্প্রতি রাজধানীর বনানীর একটি হোটেলে প্রতিষ্ঠানটির সঙ্গে এ দম্পতির একটি চুক্তি সই হয়েছে। চুক্তি অনুযায়ী, তারা প্রতিষ্ঠানটির প্রমোশনাল কার্যক্রম ও জনসচেতনতামূলক নানা কর্মকাণ্ডে অংশ নেবেন বলে জানিয়েছেন।

এদিকে বেশ বিরতির পর নতুন ধারাবাহিক নির্মাণ করছেন তৌকীর আহমেদ। ‘ধূসর প্রজাপতি’ নামে বাংলাদেশ টেলিভিশনের জন্য নির্মিত এ নাটকে শুধু পরিচালনাই নয়, গুরুত্বপূর্ণ একটি চরিত্রেও অভিনয় করেছেন তিনি। নাটকটির রচয়িতাও তিনি নিজেই।

গত ২১ জুন থেকে ঢাকার অদূরে রাজেন্দ্রপুরের নক্ষত্রবাড়ি রিসোর্ট ও আশপাশের লোকেশনে শুটিং শুরু হয়ে শেষ হয়েছে জুলাইয়ের প্রথম সপ্তাহে।

তৌকীরকে সর্বশেষ বড় পর্দায় দেখা গিয়েছিল ‘স্ফুলিঙ্গ’ সিনেমার নির্মাতা হিসেবে। তারপর দীর্ঘ সময় যুক্তরাষ্ট্রে পরিবারের সঙ্গে কাটিয়েছেন তিনি। যদিও দেশ থেকে দূরে থাকলেও লেখালেখি ও মঞ্চনাটকের সঙ্গে যুক্ত ছিলেন নিয়মিত।

অন্যদিকে বিপাশা হায়াত যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বসবাস করছেন অনেক বছর ধরে। তার দুই ছেলে সেখানেই পড়াশোনা করছে। তিনি নিজেও যুক্ত আছেন চিত্রকর্ম ও আন্তর্জাতিক শিল্প দল ‘দ্য আর্ট ডোম’-এর সঙ্গে। তার আঁকা বেশ কয়েকটি ছবি স্থানীয় গ্যালারিতে প্রদর্শিত হয়ে প্রশংসিত হয়েছে।

দুই সপ্তাহের জন্য ঢাকায় এসেছেন বিপাশা। তার একটি চিত্রকর্মকে কেন্দ্র করে তৈরি হচ্ছে শাড়ি, যা শিগগিরই বাজারে আসবে। এর আগে ঢাকার গ্যালারি চিত্রকে তার একক চিত্রপ্রদর্শনীতে ‘সক্রেটিসকে আমার ভোট দিলাম’ শিরোনামের চিত্রকর্মটি আলোচনায় আসে। সে চিত্রকর্মটি এবার শাড়ির নকশায় ব্যবহার হচ্ছে, যা বাজারজাত করছে মানাস নামের একটি ফ্যাশন ব্র্যান্ড।