প্রতিবারের মতো এবারো শোবিজ অঙ্গনের একঝাঁক তারকার অংশগ্রহণে এ বিশেষ অনুষ্ঠানটি প্রচার হবে ঈদের দিন রাত ১০টার ইংরেজি সংবাদের পর। এবারের আনন্দমেলার সবচেয়ে বড় চমক এর উপস্থাপনা। ছোট পর্দা ও ওটিটির জনপ্রিয় অভিনেতা আফরান নিশো এবার হাজির হচ্ছেন এ অনুষ্ঠানের সঞ্চালক হিসেবে। অনুষ্ঠানটি যৌথভাবে প্রযোজনা করেছেন আফরোজা সুলতানা, মো. হাসান রিয়াদ, ইয়াসির আরাফাত ও ইয়াসমিন আক্তার।

এবারের আয়োজনে সংগীতের কিংবদন্তিরা থাকছেন বিশেষ আকর্ষণে। এক কালজয়ী গানের দুর্দান্ত কোরিওগ্রাফির মাধ্যমে ‘এই বৃষ্টি ভেজা রাতে চলে যেও না’ গানে নতুন রূপ ও আবহে পর্দায় হাজির হচ্ছেন উপমহাদেশের খ্যাতিমান সংগীতশিল্পী রুনা লায়লা। অন্যদিকে বরেণ্য কণ্ঠশিল্পী বেবী নাজনীন পরিবেশন করেছেন তার জনপ্রিয় গান ‘কাল সারারাত ছিল স্বপ্নের রাত’। এ গানের সঙ্গে কোরিওগ্রাফিতে অংশ নিয়েছেন দেশের দুই জনপ্রিয় অভিনেত্রী ও নৃত্যশিল্পী চাঁদনী ও শাওন। অনুষ্ঠানে আরো থাকছেন পপ লিজেন্ড ফেরদৌস ওয়াহিদ। সিনিয়রদের পাশাপাশি নতুন প্রজন্মের সুরের জাদু ছড়াতে হাজির হচ্ছেন ন্যান্সি ও ইমরান মাহমুদুল। কবির বকুলের কথায় এবং ইমরানের নিজস্ব সংগীতায়োজনে তারা গেয়েছেন নতুন গান ‘কৃষ্ণচূড়া’।

গানের পাশাপাশি থাকছে নৃত্যও। পর্দায় ‘রূপনগরের রাজকন্যা’ সেজে একক নৃত্য পরিবেশন করবেন মডেল, অভিনেত্রী ও নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌ। কাজী নজরুল ইসলামের বিখ্যাত গান ‘দূর দ্বীপবাসিনী’র তালে যৌথভাবে মঞ্চ মাতাবেন এ প্রজন্মের শীর্ষ দুই তারকা মেহজাবীন চৌধুরী ও সাবিলা নূর। পুরো অনুষ্ঠানের নৃত্য পরিচালনায় ছিলেন ইভান শাহরিয়ার সোহাগ ও তার দল ‘নৃত্যভূমি’।