জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত জনপ্রিয় সংগীতশিল্পী দিলশাদ নাহার কণা। তার নতুন গান ‘সোনা জান’ ইউটিউবে প্রকাশের পর থেকেই শ্রোতা-দর্শকের মাঝে দারুণ সাড়া ফেলেছে। রবিউল ইসলাম জীবনের কথা ও আদিব কবিরের সুর-সংগীতে তৈরি এ গানে মডেল হয়েছেন কলকাতার অভিনেত্রী অলিভিয়া সরকার।
শ্রোতাদের কাছে কণার গান মানেই বাড়তি আগ্রহ। তার ওপর কলকাতার অলিভিয়া সরকার মডেল হিসেবে যুক্ত হওয়ায় গানটির প্রতি আগ্রহ আরো বেড়ে যায়। এটি অলিভিয়ার বাংলাদেশের কোনো প্রজেক্টে প্রথম কাজ। তাই এর তাৎপর্যও আলাদা। মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন মোহন ইসলাম।
গানটির অভিজ্ঞতা প্রসঙ্গে অলিভিয়া বলেন, ‘কণার গানের মডেল হিসেবে কাজ করে ভালোবাসা ও সম্মান পেয়েছি। কাজের পরিবেশ ছিল অসাধারণ। শুটিংয়ের সময় ভেতর থেকে সন্তুষ্টি অনুভব করছিলাম।’"গানটি নিয়ে দারুণ উচ্ছ্বসিত কণাও। তিনি বলেন, ‘গানের কথা ও সুর আমার খুব ভালো লেগেছিল, তাই গেয়েছি। এটি আমার প্রিয় গানের তালিকায় থাকবে। শুরু থেকেই এ গানের প্রতিটি পর্যায়ে আমি যুক্ত ছিলাম। এবার নিজে ভিডিওতে না থেকে অলিভিয়াকে সুযোগ দিয়েছি, কারণ এর আগের অনেক গানেই আমি নিজেই মডেল হয়েছি। মোহন অনেক শ্রম দিয়ে ভিডিওটি তৈরি করেছেন। অলিভিয়া ও অমিত পাল দুজনই দুর্দান্ত করেছেন। গানটি প্রকাশের পর থেকে অভূতপূর্ব সাড়া পাচ্ছি। স্টেজ শোয়েও এর অনুরোধ পাচ্ছি নিয়মিত।’"
উল্লেখ্য, কণার কণ্ঠে সর্বশেষ ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল গান ‘দুষ্টু কোকিল’, যার পর থেকে দেশে-বিদেশে স্টেজ শোয় তার ব্যস্ততা অনেক বেড়ে যায়। সম্প্রতি তিনি সিঙ্গাপুরে একটি স্টেজ শো মাতিয়ে এসেছেন, যেখানে কণার উপস্থিতি ঘিরে এমনই ভিড় জমে যে দর্শক সামলাতে পুলিশ সিকিউরিটিকেও হিমশিম খেতে হয়। দর্শক-শ্রোতার এ ভালোবাসার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে কণা বলেন, ‘এ ভালোবাসার কোনো তুলনা নেই। এ ভালোবাসা নিয়েই সামনের দিনগুলোয় আরো ভালো গান উপহার দেয়ার ইচ্ছা আছে।’










