যুক্তরাষ্ট্রের প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাস্ট্রোনোমার তাদের সিইও অ্যান্ডি বায়রনকে সাময়িকভাবে পদ থেকে অব্যাহতি দিয়েছে। বিষয়টির সূত্রপাত ব্রিটিশ রক ব্যান্ড কোল্ডপ্লের একটি কনসার্টে ধারণকৃত ভিডিও থেকে, যেখানে দুজন ব্যক্তিকে একে অপরকে আলিঙ্গন করতে দেখা যায়। ভিডিওটি পরে ভাইরাল হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক চর্চার জন্ম দেয়। খবর বিবিসি।
বোস্টনে অনুষ্ঠিত কোল্ডপ্লের কনসার্টে বড় পর্দায় দেখা যায় এক পুরুষ ও এক নারী পরস্পরকে জড়িয়ে রেখেছেন। তাদের মুখ দৃশ্যমান হওয়ার পরপরই তারা ক্যামেরা থেকে নিজেকে আড়াল করার চেষ্টা করেন। মুহূর্তটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ভিডিও ভাইরাল হওয়ার পর অনেকেই দাবি করেন, ওই দুজন অ্যাস্ট্রোনোমার-এর শীর্ষ পর্যায়ের নির্বাহী, এবং তাদের মধ্যে একটি ‘অফিস রোমান্স’ চলছে বলে সন্দেহ ওঠে। কনসার্টে কোল্ডপ্লের ভোকাল ক্রিস মার্টিনও মঞ্চ থেকে মন্তব্য করেন, ‘ওরা হয় প্রেম করছেন, নয়তো খুবই লাজুক।‘
টিকটকে ভিডিওটি কয়েক মিলিয়ন বার দেখা হয়েছে। পরে বিভিন্ন সামাজিক প্ল্যাটফর্মেও শেয়ার হয়। নানা রকম মিম ও টেলিভিশন প্রোগ্রামে ঠাট্টার উপাদানে পরিণত হয় ভিডিওটি।
এই ঘটনার দুই দিন পর, অ্যাস্ট্রোনোমার একটি বিবৃতি দিয়ে জানায়, কোম্পানির মূল্যবোধ ও সাংস্কৃতিক নীতিমালার প্রতি তারা প্রতিশ্রুতিবদ্ধ এবং বিষয়টি নিয়ে তদন্ত শুরু করা হয়েছে। তবে ওই বিবৃতিতে ভিডিও বা সংশ্লিষ্ট ব্যক্তিদের নাম সরাসরি উল্লেখ করা হয়নি।
কোম্পানির বিবৃতিতে বলা হয়েছে, ‘আমাদের নেতৃত্বস্থানীয়দের কাছ থেকে আমরা যেমন আচরণ ও জবাবদিহি প্রত্যাশা করি, এ ক্ষেত্রেও তা প্রযোজ্য। পরিচালনা পর্ষদ বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে এবং আমরা শিগগিরই আরো তথ্য জানাব।‘
তদন্ত চলাকালীন প্রতিষ্ঠানটির সহ-প্রতিষ্ঠাতা এবং প্রধান পণ্য কর্মকর্তা পিট ডি’জয়কে অন্তর্বর্তী সিইও হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।
বিভিন্ন প্রতিবেদনে ভিডিওতে থাকা ব্যক্তিকে অ্যাস্ট্রোনোমার-এর বর্তমান সিইও অ্যান্ডি বায়রন বলে ধারণা করা হচ্ছে। তিনি ২০২৩ সালের জুলাই থেকে দায়িত্বে ছিলেন। ভিডিওতে থাকা নারীর পরিচয়ও অনলাইনে ছড়িয়ে পড়েছে। তাকে বলা হচ্ছে কোম্পানির চিফ পিপল অফিসার ক্রিস্টিন ক্যাবট। তিনি ২০২৪ সালের নভেম্বর থেকে অ্যাস্ট্রোনোমার-এর সঙ্গে যুক্ত।
তবে এদের কেউই এখন পর্যন্ত নিজ নিজ পরিচয় নিশ্চিত করেননি এবং ভিডিওতে থাকা ব্যক্তিদের পরিচয় স্বাধীনভাবে নিশ্চিত করতে পারেনি বিবিসি।










