ফ্রান্সের প্যারিসভিত্তিক নির্মাতা আমীরুল আরহামের নির্বাচিত প্রামাণ্যচিত্র নিয়ে এ আয়োজন শুরু হবে ৯ এপ্রিল। এটি চলবে ১১ এপ্রিল পর্যন্ত। রাজধানীর ধানমন্ডিতে আলিয়ঁস ফ্রঁসেজের অডিটোরিয়াম ন্যুভেল ভাগে প্রতিদিন বিকালে দর্শকের জন্য উন্মুক্ত থাকবে এ প্রদর্শনী।

এ আয়োজনে আমীরুল আরহামের ছয়টি গুরুত্বপূর্ণ চলচ্চিত্র প্রদর্শিত হবে। তার কাজগুলোয় উঠে এসেছে ইতিহাস, সামাজিক বাস্তবতা এবং সমকালীন জীবনের নানা দিক। আন্তর্জাতিকভাবে প্রশংসিত ‘দ্য ডেভিলস ওয়াটার’, জেন-জি বাংলাদেশ’ এবং ‘জাফরুল্লা: আ পিপলস ডক্টর’-এর মতো চলচ্চিত্র এ আয়োজনে স্থান পেয়েছে।

আমীরুল আরহাম আন্তর্জাতিকভাবে স্বীকৃত একজন নির্মাতা। তার ‘দ্য ডেভিলস ওয়াটার’ চলচ্চিত্রটি মর্যাদাপূর্ণ ‘ইতয়লে ডি লা স্কাম’ পুরস্কার অর্জন করেছে এবং বিশ্বের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে। তার চলচ্চিত্রগুলো ফরাসি জাতীয় গ্রন্থাগার এবং ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে সংরক্ষিত হয়েছে। চলচ্চিত্র নির্মাণের পাশাপাশি তিনি ইউরোপে বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতির প্রচারেও সক্রিয় ভূমিকা পালন করছেন।

আয়োজনের বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে ‘শান্তিনিকেতন-ইকস অব টাইম (২০২৬)’ চলচ্চিত্রটির বিশ্ব প্রিমিয়ার। নতুন এ নির্মাণের মাধ্যমে দর্শক নির্মাতার সাম্প্রতিক কাজ দেখার সুযোগ পাবেন। প্রতিদিনের প্রদর্শনী শেষে প্রতিদিন সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে প্রশ্নোত্তর পর্ব, যেখানে নির্মাতার সঙ্গে সরাসরি মতবিনিময় করা যাবে।

তিনদিনের এ আয়োজন সবার জন্য উন্মুক্ত। তবে আসন সংখ্যা সীমিত থাকায় আগে এলে আগে পাবেন ভিত্তিতে দর্শককে প্রবেশের সুযোগ দেয়া হবে।

প্রদর্শনীর সময়সূচি: বৃহস্পতিবার বেলা ৩টায় প্রদর্শিত হবে ‘দ্য ১৯৭১ ওয়ার ইন দ্য আইস অব পাকিস্তানিস’। এদিন বিকাল ৫টায় প্রদর্শিত হবে ‘লিয়া দু ডিয়াবল ২০০৬’ শীর্ষক চলচ্চিত্র।

শুক্রবার বেলা ৩টায় প্রদর্শিত হবে ‘দ্য লস্ট ‍সোলস অব বাংলাদেশ’। এদিন বিকাল ৫টায় প্রদর্শিত হবে ‘জেন-জেড বাংলাদেশ’ শীর্ষক চলচ্চিত্র।

শনিবার বেলা ৩টায় প্রদর্শিত হবে ‘জাফরুল্লা: আ পিপলস ডক্টর’। বিকাল ৫টায় প্রদর্শিত হবে ‘শান্তিনিকেতন-ইকস অব টাইম ২০২৬’, যা একটি বিশ্ব প্রিমিয়ার।