২০০৪ সালে মুক্তি পাওয়া ‘ম্যায় হু না’ সিনেমা দর্শক মহলে অভূতপূর্ব সাড়া ফেলেছিল। দেশপ্রেম, অ্যাকশন, রোম্যান্স ও ক্যাম্পাস কমেডির অভিনব মিশ্রণে সিনেমাটি সব শ্রেণীর দর্শককে আকৃষ্ট করে। শাহরুখ খান, সুস্মিতা সেন ও সুনীল শেঠির শক্তিশালী অভিনয়, ফারাহ খানের ঝরঝরে উপস্থাপনা এবং জনপ্রিয় গান—সব মিলিয়ে ‘ম্যায় হু না’ সেই সময়ের অন্যতম দর্শকপ্রিয় সিনেমায় পরিণত হয়। বক্স অফিসে ধারাবাহিক সাফল্যের পাশাপাশি ছবিটি একাধিক রেকর্ড গড়ে তোলে এবং বছরের সর্বাধিক আয়ের ছবির তালিকায় জায়গা করে নেয়। এর গান ও সংলাপের জনপ্রিয়তাও ছিল তুঙ্গে।
ফারাহ খানের পরিচালনায় শাহরুখ খান মেজর রাম প্রসাদ শর্মার চরিত্রে যে জনপ্রিয়তা পেয়েছিলেন তা আজও অটুট। ২০০৪ সালের সেই জনপ্রিয় সিনেমার সিক্যুয়েল ‘ম্যায় হু না ২’ নিয়ে আবারো আলোচিত বলিউড অঙ্গন। দীর্ঘ সময় পর পরিচালক ফারাহ খান ফের পরিচালকের আসনে ফিরতে চলেছেন—এমন জল্পনা অবশ্য আগেই শোনা যাচ্ছিল। আর সেই প্রত্যাবর্তন যদি হয় শাহরুখ খানকে সঙ্গে নিয়ে, তবে উচ্ছ্বাস যে তুঙ্গে উঠবে, তা বলাই বাহুল্য। ভারতীয় গণমাধ্যমের খবর বলছে, ফারাহ ও শাহরুখ আবার একসঙ্গে কাজ করতে যাচ্ছেন, আর সেটি হচ্ছে ‘ম্যায় হু না’-এর সিক্যুয়েল।
সিক্যুয়েলে ফারাহ খান শাহরুখের জন্য একটি দ্বৈত চরিত্র তৈরি করেছেন। এই আইডিয়ায় বলিউড বাদশাহও দারুণ আগ্রহী। সিক্যুয়েলে দ্বৈত চরিত্র ছবির আবেগ ও বিনোদনের মাত্রা আরো বাড়াবে এবং শাহরুখকে দেখা যাবে দুটি সম্পূর্ণ বিপরীত স্বভাবের চরিত্রে। সিনেমাটি হবে দেশপ্রেমে ভরপুর। মূল ছবির বেশির ভাগ তারকাই ফিরতে পারেন। আরো আকর্ষণীয় তথ্য হলো, সিক্যুয়েলের মূল গল্পের ভাবনাটি এসেছে স্বয়ং শাহরুখ খানের কাছ থেকেই যা এ প্রকল্পকে আরো তাৎপর্যপূর্ণ করে তুলেছে।
শাহরুখ খান তার আসন্ন ছবি ‘কিং’-এর কাজ শেষ করার পর ‘ম্যায় হু না ২’-এর দিকে অগ্রসর হবেন। মে মাসে সেই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার কথা। অর্থাৎ এখনই আনুষ্ঠানিক ঘোষণা না হলেও প্রস্তুতি যে বেশ দূর পর্যন্ত এগিয়েছে, তা বলাই যায়।
এদিকে খবরটি প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের প্রতিক্রিয়া দেখা গেছে চোখে পড়ার মতো। এক অনুরাগী লিখেছেন, ‘সত্যিই যদি এটা হয়, তাহলে আমি খুব খুশি হব। হালকা মেজাজের কোনো ছবিতে আবারো শাহরুখকে দেখা দারুণ মজা হবে।’
তবে কিছু দর্শক একটু সতর্কও। একজন মন্তব্য করেছেন, ‘ফারাহ খানের ছবি হলে আমার আপত্তি নেই, শুধু সিক্যুয়েলের নামে যেন ছবিটাকে বিক্রি না করা হয়।’ ‘ম্যায় হু না’ কালজয়ী সিনেমা, যা এখনো তুমুল জনপ্রিয়। ‘ম্যায় হু না ২’ প্রকল্প বাস্তবায়ন হলে সিনেমাজগতে নতুন রেকর্ড তৈরি করতে পারে মনে করা হচ্ছে। তাতে পুরনো ভক্তরা পাবেন প্রিয় চরিত্রের পুনর্মিলনের আনন্দ। নতুন প্রজন্মের দর্শকরা উপভোগ করবেন রোমাঞ্চ, কমেডি ও দেশপ্রেমের এক উপভোগ্য সমন্বয়।
সূত্র: হিন্দুস্তান টাইমস










