মুক্তির প্রথম দিনেই বিশ্বজুড়ে ৪৩ কোটি রুপি আয় করে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে মালয়ালম সিনেমার অন্যতম জনপ্রিয় এ ফ্র্যাঞ্চাইজি। বক্স অফিস বিশ্লেষকদের মতে, এটি শুধু মালয়ালম চলচ্চিত্র শিল্পের জন্য নয়, ভারতীয় আঞ্চলিক সিনেমার ক্ষেত্রেও নতুন একটি মাইলফলক হতে পারে।
বলিউডি হাঙ্গামার এক প্রতিবেদনে বলা হয়েছে, সিনেমাটির সমাপ্তি দর্শকদের জন্য বড় এক চমক রেখে গেছে। শুরুতে ধারণা করা হয়েছিল, তৃতীয় কিস্তিতেই শেষ হবে জর্জকুট্টির গল্প। তবে সিনেমার শেষাংশে এমন কিছু ইঙ্গিত রাখা হয়েছে, যা থেকে স্পষ্টভাবে চতুর্থ পর্বের সম্ভাবনা তৈরি হয়েছে। এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমেও ‘দৃশ্যম-৪’ নিয়ে দর্শকদের মধ্যে জোর আলোচনা শুরু হয়েছে।
সিনেমাটিতে জর্জকুট্টি চরিত্রে আবারো অভিনয় করেছেন অভিনেতা মোহনলাল। তার সঙ্গে রয়েছেন মিনা, আনসিবা হাসান, এসথের অনিল ও আশা শরৎ। চিত্রনাট্য ও পরিচালনায় আছেন জেথু জোসেফ। প্রথম দুই কিস্তির মতো এবারো রহস্য, মানসিক চাপ ও পারিবারিক আবেগকে একসঙ্গে ধরে রাখার চেষ্টা করেছেন তিনি।
২০১৩ সালে মুক্তি পাওয়া দৃশ্যম মালয়ালম সিনেমার ইতিহাসে অন্যতম সফল চলচ্চিত্রে পরিণত হয়েছিল। এরপর ২০২১ সালে মুক্তি পাওয়া দৃশ্যম-২ ওটিটি প্লাটফর্মে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। সেই ধারাবাহিকতায় এবার প্রায় ২ হাজার ৭০০ পর্দায় মুক্তি পেয়েছে ‘দৃশ্যম-৩’। বিশ্লেষকদের ধারণা, দর্শকদের ইতিবাচক প্রতিক্রিয়া অব্যাহত থাকলে সিনেমাটি দ্রুতই শতকোটি রুপির ক্লাবে পৌঁছে যেতে পারে।
সব মিলিয়ে ‘দৃশ্যম-৩’ শুধু একটি সফল সিকুয়েল নয়; বরং এটি প্রমাণ করেছে, শক্তিশালী গল্প ও চরিত্রনির্ভর থ্রিলার এখনো দর্শকদের সবচেয়ে বড় আকর্ষণ। আর শেষ দৃশ্যের রহস্যময় ইঙ্গিত যেন স্পষ্ট করে দিচ্ছে—জর্জকুট্টির গল্প এখনই শেষ হচ্ছে না। সূত্র: বলিউড হাঙ্গামা










