দক্ষিণ ভারতের উদীয়মান অভিনেত্রী শ্রীলীলা। তিনি দক্ষিণ ভারতের পাশাপাশি হিন্দিভাষী অঞ্চলের দর্শকেরও মনোযোগ আকর্ষণ করেছেন। পর্দায় প্রাণবন্ত উপস্থিতি ও নাচের জন্য শ্রীলীলা পরিচিত। খুব অল্প সময়েই তেলেগু সিনেমায় নিজের জায়গা করে নিয়েছেন। এখন জাতীয় স্তরে তার উপস্থিতি বাড়াতে চলেছেন। তিনি অভিনয় করতে যাচ্ছেন হিন্দি সিনেমায়। সেখানে কার্তিক আরিয়ানের বিপরীতে অভিনয় করবেন তিনি। শ্রীলীলার নতুন যাত্রায় তাকে শুভকামনা জানানোর পাশাপাশি প্রশংসা করেছেন অভিনেতা আল্লু অর্জুন।

সম্প্রতি একটি জনসমক্ষে এ তরুণ অভিনেত্রীর উচ্ছ্বসিত প্রশংসা করেছেন অর্জুন। আল্লু ও শ্রীলীলা একসঙ্গে কাজ করেছে ‘পুষ্পা টু’ সিনেমার আইটেম সংয়ে। ‘কিসকিস’ শিরোনামের গানটি আলোচিত ও প্রশংসিত হয়েছে। পর্দায় তাদের রসায়ন দর্শক পছন্দ করেছেন। তার প্রসঙ্গে আল্লু অর্জুন বলেন, ‘কী মিষ্টি মেয়ে! তার ভবিষ্যৎ উজ্জ্বল মনে করি। আমি তাকে শুভেচ্ছা জানাই। আমি মনে করি এ প্রজন্মের জন্য, তুমি (শ্রীলীলাকে উদ্দেশ করে বলা) সব তেলেগু মেয়ের জন্য একটি অনুপ্রেরণা।’

আল্লু আরো যোগ করেন, ‘তুমি এ প্রজন্মের প্রথম তেলেগু নারী তারকা, যে আমাদের গর্বিত করেছে। আমি মন থেকে কামনা করি, তুমি আমাদের সবাইকে আরো উচ্চতায় নিয়ে যাও।’

এখনো তার প্রথম হিন্দি সিনেমা মুক্তি না পেলেও, বলিউডে শ্রীলীলার জনপ্রিয়তা এরই মধ্যে চোখে পড়ার মতো। তিনি কার্তিক আরিয়ানের বিপরীতে অনুরাগ বসু পরিচালিত একটি সিনেমায় অভিনয় করবেন। এটি একটি রোমান্টিক মিউজিক্যাল সিনেমা হতে যাচ্ছে। অভিনেত্রীর ক্যারিয়ারে এটি একটি বিশেষ ঘটনা।

সূত্র: বলিউড হাঙ্গামা