বাংলাদেশের সংগীতাঙ্গনের এক অনন্য নাম ফাহমিদা নবী। দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে তার কণ্ঠে অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন।

এবার ফাহমিদা নবীর কণ্ঠে আসছে নতুন গান ‘মেঘলা আকাশ’। গানটি লিখেছেন স্বামী-স্ত্রী আব্দুল ও সোহানা। গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন আব্দুল, আর ফাহমিদা নবীর সঙ্গে কণ্ঠও দিয়েছেন তিনি। ফলে গানটিতে পাওয়া গেছে এক ধরনের ভিন্নমাত্রা ও আন্তরিকতার ছোঁয়া।

গানটি নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে ফাহমিদা নবী বলেন, ‘আগেও আমি বৃষ্টি নিয়ে গান গেয়েছি। কিন্তু আব্দুল ও সোহানার লেখা গানটির মতো এত চমৎকার মেলবন্ধন আগে পাইনি। এর কথা, সুর আর আবহ একসঙ্গে আমাকে মুগ্ধ করেছে। গানটি আমার কাছে এতটাই বিশেষ যে আমি এর ভিডিও নিয়েও বেশ সচেতন। তাই আগামী মাসের শুরুতে আমরা সিলেটে গানটির মিউজিক ভিডিও করব, যেন প্রকৃতির মেঘলা আবহ গানটির আবেগকে আরো বাড়িয়ে তোলে।’

শুধু নতুন গানেই নয়, সাম্প্রতিক সময়ে নানা সংগীত আয়োজনেও দেখা গেছে ফাহমিদা নবীকে। ২৭ আগস্ট জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবসে বিটিভির বিশেষ আয়োজনে তিনি নজরুলসংগীত পরিবেশন করেন। এর আগে মাছরাঙা টিভির প্রতিষ্ঠাবার্ষিকীতে জনপ্রিয় অনুষ্ঠান ‘তোমায় গান শোনাবো’-এর ৬০০তম পর্বেও গান গেয়ে মুগ্ধ করেছেন দর্শক-শ্রোতাকে।

সম্প্রতি আমেরিকায় একটি একক শোয়ে টানা সাড়ে ৩ ঘণ্টা গান পরিবেশন করে তিনি আবারো প্রমাণ করেছেন তার কণ্ঠের জাদু। মূলত শোয়ের নির্ধারিত সময় ছিল আড়াই ঘণ্টা, কিন্তু শ্রোতাদের অনুরোধ ও উচ্ছ্বাসে তা বাড়তে বাড়তে সাড়ে ৩ ঘণ্টায় পৌঁছায়। বলা যায়, সে অনুষ্ঠানে ফাহমিদা নবীর কণ্ঠ উপভোগ করাটা যেন এক অনন্য অভিজ্ঞতায় পরিণত হয়েছিল।

কিছুদিন আগেই প্রকাশ পেয়েছে তার কণ্ঠে আরেকটি আবেগঘন গান ‘বন্ধু হারিয়ে গেলো’, যার সুরকার প্রয়াত বর্ণ চক্রবর্তী। পাশাপাশি তিনি এখন ব্যস্ত রয়েছেন নিজের সুর করা গান নিয়েও। এরই মধ্যে কয়েকটি গানের কাজ শেষ হয়েছে, যা একে একে প্রকাশিত হবে আগামী দিনগুলোয়।

বাংলাদেশের আধুনিক সংগীতে ফাহমিদা নবী সবসময় ছিলেন অনন্য এক নাম। নতুন গান মেঘলা আকাশ সে ধারাবাহিকতায় তার ভক্ত-শ্রোতার জন্য হতে যাচ্ছে আরেকটি বিশেষ উপহার।