মানুষের জীবনে কিছু ঘটনায় তার নিজের নিয়ন্ত্রণ থাকে না। এমনই এক গল্প নিয়ে নাটক ‘নিয়তি’। রাজীব মণি দাসের রচনায় বিশেষ নাটকটি নির্মাণ করেছেন নাজনীন হাসান খান। নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শিবলী নওমান, জান্নাতুন নূর মুন, মাসুদ মহিউদ্দিন, সাইকা আহমেদ, ফরিদ হোসাইন, স্নিগ্ধা হোসাইন, সুব্রত চক্রবতী প্রমুখ।

নাটকের গল্পে দেখা যায় স্বামীর সংসার ত্যাগ করে বাবার বাড়িতে একবারে চলে এসেছে ইশা। সে বিবাহবিচ্ছেদ চায়। বাবা-মা ইশাকে বোঝায় যেন তার সিদ্ধান্ত পরিবর্তন করে। তবে ইশা এমন প্রকৃতির মেয়ে যে মচকালেও ভাঙবে না। নিজের সিদ্ধান্তে স্থির থাকতে চায়।

জীবন গতিময়, থেমে নেই তার পথচলা। এ পথচলার মাঝে নতুন করে রাতুলের সঙ্গে সম্পর্ক হয় ইশার। ইশা যেন একটু বেশি দুর্বল হয়ে পড়ে রাতুলের প্রতি। ধ্যান-জ্ঞান সবকিছুই রাতুলকে ঘিরে।

মেয়ের এ সিদ্ধান্তে খুশি নয় পরিবারের কেউ। ইশা সিদ্ধান্ত নেয় রাতুলকে বিয়ে করবে। সে রাতুলের সঙ্গে কাজী অফিসে গেলে সেখান থেকে শুরু হয় গল্পের নতুন মোড়। ইশার সব হিসাবনিকাশ গোলমাল পাকিয়ে যায়। নতুন ঘটনা তার জীবন ওলটপালট করে দিতে পারে। প্রশ্ন জাগে, এরপর সে আসলে কী করতে পারে।

নাটকটি নিয়ে রচয়িতা রাজীব মণি দাস বলেন, ‘নিজের ইচ্ছেমতো সবসময় সবকিছু ঘটে না। যেটা ঘটে সেটাই নিয়তি। এমন নিয়তির গল্পেই রয়েছে মানুষের জীবনের নানা হিসাবনিকাশ। যে হিসাব কখনো মেলে কখনো মেলে না।’

পরিচালক নাজনীন হাসান খান বলেন, ‘মানুষের ভাগ্যে কখন কী ঘটে কেউ আগে থেকে জানে না। ক্ষেত্রবিশেষে একে অন্যেকে দোষারোপ করে, যদিও এর পেছনের গল্প থাকে ভিন্ন।’

এমন ঘটনা আমাদের আশপাশেই আছে। সে বাস্তবঘনিষ্ঠ গল্পের নাটকটি আগামীকাল রাত ১০টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে।