প্রতীক্ষার অবসান ঘটিয়ে দর্শকের সামনে এল ‘আকা’। সিরিজটি গতকাল থেকে স্ট্রিম হচ্ছে হইচইয়ে। সিরিজে দর্শক পাবেন রহস্য, প্রতিশোধ, টানটান উত্তেজনা আর মানবিক সম্পর্কের দোলাচলের গল্প। সাত পর্বের এ সোশ্যাল থ্রিলারটি পরিচালনা করেছেন ভিকি জাহেদ।

গল্পের কেন্দ্রীয় চরিত্র আজাদ। সে সমাজের সঙ্গে সম্পর্ক স্থাপনে ব্যর্থ হয়। নিঃসঙ্গ ও অপূর্ণ এক জীবন কাটালেও তার অসাধারণ সংগীত প্রতিভা থেকে যায় অদেখা আর অমূল্যায়িত। আবুল কালাম আজাদ বা আকা অর্থাৎ সিরিজের নাম ভূমিকায় অভিনয় করেছেন আফরান নিশো।

আজাদের সঙ্গে মেঘার আকস্মিক সাক্ষাৎ তার জীবনে ক্ষণিকের আশার আলো আনে। কিন্তু অতীতের ক্ষত আজাদকে আবার তাড়িয়ে বেড়ায়। স্বীকৃতির আকাঙ্ক্ষায় সে ঘটাতে থাকে নৃশংস সব ঘটনা, যা গোটা সমাজকে স্তম্ভিত করে দেয়। অবাক করা ব্যাপার, সামাজিক যোগাযোগমাধ্যম তাকে নায়ক হিসেবে বরণ করে নেয়। আজাদও তা উপভোগ করতে থাকে। কিন্তু সত্যিই কি সে নায়ক? এমন আরো প্রশ্ন আসে সিরিজে।

ভিকি জাহেদ পরিচালিত আকায় মেঘা চরিত্রে দেখা যাবে মাসুমা রহমান নাবিলাকে। এছাড়া রয়েছেন আজিজুল হাকিম, জয়ন্ত চট্টোপাধ্যায়, ইমতিয়াজ বর্ষণ, এ কে আজাদ সেতু, শাহেদ আলী, সমু চৌধুরী, সমন্তি শৌমী, নিকিতা সাহা প্রমুখ।

পরিচালক ভিকি জাহেদ বলেন, ‘আকা আমার কাছে বিশেষ একটি কাজ। আমি সবসময় নতুন কিছু এক্সপেরিমেন্ট করতে চাই এবং আকা তারই ফল। এবার দর্শক এক ভিন্ন ধরনের থ্রিলার অভিজ্ঞতা পাবেন।’

আফরান নিশো প্রায় দুই বছর পর ওটিটি কনটেন্টে ফিরলেন। বড় পর্দায় টানা সফল দুই সিনেমার পর ওটিটিতে নিশোর প্রত্যাবর্তন দর্শকের কাছে বাড়তি আকর্ষণ হয়ে উঠেছে। নিশো বলেন, ‘আমার কাছে সবসময়ই গল্পটাই বড় কথা। আকার চরিত্র ও গল্প আমাকে ভীষণভাবে টেনেছে। ভিকির সঙ্গে আবার কাজ করা সবসময়ই বিশেষ কিছু।’

গল্প ও চিত্রনাট্য লেখার কাজটা পরিচালক ভিকি নিজেই করেছেন। সিনেমাটোগ্রাফিতে ছিলেন বিদ্রোহী দিপন। এ সিরিজে ‘রক্তের পথ’ ও ‘উড়ে যাবে দূরে’ শিরোনামে দুটি গান রয়েছে।