বলিউডের নব্বই দশকের অন্যতম জনপ্রিয় অভিনেতা গোবিন্দ (গোবিন্দ অরুণ আহুজা)। কমেডি, নাচ ও পারিবারিক বিনোদনধর্মী ছবিতে অনন্য স্টাইলের জন্য তিনি দর্শকের মনে বিশেষ জায়গা করে নিয়েছেন। ‘কুলি নম্বর ওয়ান’, ‘হিরো নাম্বার ওয়ান’, ‘সাজন চলে শ্বশুরাল’-এর মতো একাধিক সুপারহিট ছবির নায়ক গোবিন্দ দীর্ঘ সময় ধরে বক্স অফিসে রাজত্ব করেছেন।

গোবিন্দের সময়টা আপাতত খুব একটা ভালো যাচ্ছে না। ব্যক্তিগত জীবন থেকে পেশাগত ক্ষেত্র—নানা কারণে তাকে নিয়ে আলোচনা তৈরি হয়েছে। অভিনেতার আচরণ নিয়ে প্রকাশ্যে অসন্তোষ প্রকাশ করেছেন তার স্ত্রী। কখনো তিনি গোবিন্দের পরকীয়ার গুঞ্জনে ক্ষোভ প্রকাশ করেছেন, কখনো আবার বলেছেন—এই জীবনে গোবিন্দের মতো স্বামী তিনি চান না। পাশাপাশি কয়েক বছর ধরেই সিনেমায় নিয়মিত কাজ নেই এ অভিনেতার।

সম্প্রতি গোবিন্দকে ট্যাক্সিতে যাতায়াত করতে দেখার পর থেকেই জল্পনা ছড়ায়, অভিনেতা নাকি দেউলিয়া হয়ে গেছেন। সেই গুঞ্জন আরো জোরালো হয় গত বছর বিভিন্ন ছোট-বড় অনুষ্ঠানে তার নাচের একাধিক ভিডিও ভাইরাল হওয়ার পর। কখনো পাড়ার ছোট অনুষ্ঠানে, কখনো আবার শহরতলির কোনো মঞ্চে নাচতে দেখা গেছে তাকে।

এ পরিস্থিতিতে মুখ খুলেছেন গোবিন্দের বিশ্বস্ত সহকারী শশী সিনহা। ভারতীয় গণমাধ্যমে প্রকাশ, শশী সিনহা স্পষ্টভাবে জানান, গোবিন্দের একটি নয়, একাধিক গাড়ি রয়েছে এবং সংসারের যাবতীয় খরচ, স্ত্রী-সন্তানদের প্রতিপালনের দায়িত্ব তিনি নিজেই বহন করেন। শশী সিনহার ভাষায়, ‘বিভিন্ন ছোট-বড় অনুষ্ঠান করে করে সব ধার মিটিয়েছেন গোবিন্দ। লোকজনকে সাহায্য করতে গিয়ে এমন দেনা হয় তার। তবে এখনো তার কাছে একাধিক পরিচালক-প্রযোজকের ফোন আসে। তিনি মোটেও দেউলিয়া হননি।’ সিনহা আরো জানান, এক সময় গোবিন্দকে নিজের বাড়ি বন্ধক রাখতে হয়েছিল ঠিকই, তবে তা নিজের প্রয়োজনে নয়, অন্যদের সাহায্য করতে গিয়ে সৃষ্ট ধার শোধের জন্য। সব মিলিয়ে দেউলিয়া হওয়ার গুঞ্জনকে পুরোপুরি অস্বীকার করেছেন গোবিন্দের এ ঘনিষ্ঠজন।