আজ রাত ১০টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে নাটক ‘কি মায়ায় জড়ালে’। নাটকটি রচনা করেছেন মজুমদার শিমুল এবং পরিচালনা করেছেন রাফাত মজুমদার রিংকু। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনয়শিল্পী ইয়াশ রোহান ও তানজিম সাইয়ারা তটিনী।

গল্পে দেখা যাবে, সুস্মিতাকে ভালোবাসলেও সোহেল কখনই তা সরাসরি বলতে পারে না। দূর থেকে চুরি করে দেখা আর মনের ভেতর ভালোবাসা লুকিয়ে রাখাই যেন তার অভ্যাস। কিন্তু সুস্মিতা আগেই বুঝতে পারে সোহেলের মনোভাব। আসলে সেও গোপনে সোহেলকে ভালোবাসে, তবে অপেক্ষা করে সোহেল যেন একদিন মুখ ফুটে ভালোবাসার কথা বলে।

অবশেষে একদিন রাস্তায় হঠাৎ পরিস্থিতি এমনভাবে তৈরি হয়, সুস্মিতা চাপ প্রয়োগ করে সোহেলের মুখ থেকে মনের কথা আদায় করে নেয়। তারপর শুরু হয় তাদের মধুর সময়, একে অন্যকে ঘিরে রোমান্টিক মুহূর্ত।

কিন্তু সুখ বেশিদিন স্থায়ী হয় না। হঠাৎই ঘটে ভয়াবহ বিপর্যয়। সন্তান জন্ম দিতে গিয়ে মারা যায় সুস্মিতার বড় বোন। নতুন জন্ম নেয়া শিশুকে লালনপালন করার জন্য পরিবারের সিদ্ধান্ত হয় সুস্মিতার বিয়ে দিতে হবে তার দুলাভাইয়ের সঙ্গে।

এ সিদ্ধান্তে ভেঙে পড়ে সুস্মিতা। সে মেনে নিতে পারে না পরিবারের এমন অমানবিক চাপ। প্রিয় মানুষ সোহেলকে জানায়, সে আত্মহত্যা করবে। সোহেলও জানায়, সে একা বাঁচবে না, একসঙ্গে মরবে তারা দুজন। এরপর বাজার থেকে বিষ কিনে এক গোপন জায়গায় আত্মহত্যার চেষ্টা করে তারা।

কিন্তু প্রশ্ন থেকে যায়, আসলে কি তারা জীবনের প্রতি হেরে যাবে, নাকি শেষ মুহূর্তে ভালোবাসার জয় হবে? এ নাটকেই দর্শক খুঁজে পাবেন উত্তর।