ঢাকার উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনা গোটা জাতিকে যেমন স্তব্ধ করেছে, তেমনি গভীর শোক ও বেদনার সুর বাজছে দেশের শোবিজ ও সাংস্কৃতিক অঙ্গনেও। শিশু ও কিশোর প্রাণহানির এ হৃদয়বিদারক ঘটনায় একের পর এক তারকা তাদের সামাজিক মাধ্যমে জানাচ্ছেন সমবেদনা। তারকারা শুধু শোক প্রকাশেই থেমে থাকেননি, তারা আহ্বান জানিয়েছেন রক্তদান, সঠিক তথ্য ছড়িয়ে দেয়া ও মানবিক সহমর্মিতায় পাশে দাঁড়ানোর।
সোমবার সন্ধ্যায় এক ফেসবুক পোস্টে হানিফ সংকেত লিখেছেন, ‘আমি স্তব্ধ, বাক্রুদ্ধ, গভীর শোকাহত। এ মর্মান্তিক দুর্ঘটনায় শোক প্রকাশের ভাষা আমার জানা নেই। উত্তরায় মাইলস্টোন ক্যাম্পাসে অকস্মাৎ ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন, তাদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন নিহতদের পরিবারকে যেন এ শোক সহ্য করার ক্ষমতা দান করেন। দুর্ঘটনার সময় শিশুদের আর্তচিৎকারে পুরো ক্যাম্পাস ভারী হয়ে ওঠে। বিমান দুর্ঘটনায় এতগুলো শিশুর মৃত্যু ইতিপূর্বে ঘটেনি। কোমলমতি শিশু শিক্ষার্থী যারা আহত হয়েছে, তারা দ্রুত সুস্থ হয়ে মায়ের কোলে ফিরে আসুক—এ প্রার্থনা করছি। সবার প্রতি অনুরোধ, রক্তদানে এগিয়ে আসুন। হাসপাতালে অযথা ভিড় করবেন না, তাতে চিকিৎসাসেবায় বিঘ্ন ঘটতে পারে।’
উত্তরার বিমান দুর্ঘটনার পর সোমবার রাতে আর ঘুমাতে পারেননি অভিনেত্রী শাহনাজ খুশি। এক ফেসবুক পোস্টে তিনি বলেছেন, ঢাকা শহরে সন্তান জন্ম দেয়া বাবা-মা সবচেয়ে বড় অসহায়। কারণ তারা সার্বক্ষণিক এক যুদ্ধের মধ্যে থাকেন।
তিনি বলেন, ‘আমার ধারণা, কোনো মানুষ সোমবার রাতে ঘুমাতে পারেনি। সব মা-বাবা ও অনুভূতি সম্পন্ন মানুষ অসহায়ভাবে জেগে ছিল। সবার গলার কাছে মাইলস্টোন স্কুল এন্ড কলেজের কালো ধোঁয়া দলা পাকিয়ে আছে, সেটা না পারা যায় গিলতে, না পারা যায় সহ্য করতে!’
শাহনাজ খুশি আরো বলেন, ‘অল্প কিছুদিনের মধ্যে বরাবরের মতোই সবাই সব ভুলে যাবে, স্বাভাবিকভাবেই চলবে সব। শুধু মা বাবার বুকেই জ্বলবে এ আগুন আমৃত্যু। মাইলস্টোন স্কুলের ধোঁয়া, তাদের নিঃশ্বাস, চোখ থেকে কোনোদিন সরবে না! আহারে, আমাদের কলিজা ছেঁড়া ধন! হায়রে আমাদের মা-বাবা হওয়ার আজন্ম অসহায়ত্ব!’
এদিকে এ ঘটনায় শোকপ্রকাশ করেছে বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতি। একই সঙ্গে নিহত ও আহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়ে রাষ্ট্রীয় শোকের সঙ্গে একাত্মতা প্রকাশ করে সিনেমা হলগুলো বন্ধ রাখার অনুরোধ করেছে সংগঠনটি।










