প্রযোজক ও নির্মাতারা তখন মুক্তির তারিখ চূড়ান্ত, হল বুকিং এবং প্রচারের কৌশল ঠিক করতে ব্যস্ত হয়ে পড়েন। হল মালিকদের সঙ্গেও চলে বৈঠক। গত বছর দুই ঈদে ছয়টি করে মোট ১২টি সিনেমা মুক্তি পেয়েছিল। এবার সেই সংখ্যাকে ছাড়িয়ে যাওয়ার আভাস মিলছে আসন্ন রোজার ঈদেই। এখন পর্যন্ত ১৬টি সিনেমা মুক্তির প্রস্তুতিতে রয়েছে। যদিও রোজা শুরু হয়ে গেছে, বেশির ভাগ সিনেমার প্রচার এখনো পুরো মাত্রায় শুরু হয়নি। তবু সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টার, টিজার ও শুটিং আপডেট ঘিরে দর্শকদের আগ্রহ বাড়ছে দিন দিন।

শাকিবের গ্যাংস্টার রূপ

প্রতি ঈদেই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন শাকিব খান। এবার তিনি হাজির হচ্ছেন নব্বইয়ের দশকের প্রেক্ষাপটে নির্মিত গ্যাংস্টার চরিত্রে। ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’ পরিচালনা করছেন আবু হায়াত মাহমুদ। শাকিবের বিপরীতে অভিনয় করছেন তাসনিয়া ফারিণ ও পশ্চিমবঙ্গের জ্যোতির্ময়ী কুণ্ডু। বর্তমানে ভারতে সিনেমাটির শুটিং চলছে। নির্মাতা সিনেমাটি ঈদে মুক্তির ঘোষণা দিয়েছেন, যদিও শুটিং পুরোপুরি শেষ হয়নি। বড় ক্যানভাস, সমসাময়িক গল্প এবং শাকিবের নতুন লুক—সব মিলিয়ে সিনেমাটি এরই মধ্যে আলোচনার শীর্ষে উঠে এসেছে। বাণিজ্যিক সিনেমার দর্শকদের পাশাপাশি নতুন প্রজন্মের কাছেও শাকিবের এ সিনেমা আগ্রহের কেন্দ্র হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নিশোর সারভাইভাল গল্প

গত বছরের মতো এবারো রোজার ঈদে বড় পর্দায় থাকছেন আফরান নিশো। রেদওয়ান রনি পরিচালিত ‘দম’ সিনেমার মাধ্যমে পর্দায় থাকবেন তিনি। সত্য ঘটনার অনুপ্রেরণায় নির্মিত সারভাইভালধর্মী সিনেমা এটি। কাজাখস্তানের দুর্গম লোকেশনে হয়েছে বেশির ভাগ শুটিং। প্রকৃতির বৈরী পরিবেশ, সীমিত সম্পদ এবং বেঁচে থাকার মানসিক লড়াই—এসব উপাদান মিলিয়ে সিনেমার কাহিনী এগিয়েছে। বর্তমানে চলছে সম্পাদনার কাজ, পাশাপাশি সংগীত ও ডাবিংয়ের প্রস্তুতিও নেয়া হচ্ছে। নিশোর সঙ্গে আছেন চঞ্চল চৌধুরী ও পূজা চেরিসহ অনেকে। ভিন্ন স্বাদের গল্প ও বিদেশী লোকেশন সিনেমাটিকে ঈদের তালিকায় আলাদা মাত্রা যোগ করেছে।

সিয়ামের অ্যাকশন চমক

ঈদের প্রতিযোগিতায় যোগ দিচ্ছেন সিয়াম আহমেদও। তার সিনেমা ‘রাক্ষস’ পরিচালনা করছেন মেহেদী হাসান হৃদয়। নির্মাতা জানিয়েছেন, সিনেমাটি হবে অ্যাকশন, থ্রিলার ও নাটকীয়তায় ভরপুর। সিয়ামের বিপরীতে অভিনয় করছেন টালিউডের সুস্মিতা চট্টোপাধ্যায়। বাংলাদেশ ও শ্রীলংকার বিভিন্ন মনোরম লোকেশনে হয়েছে শুটিং। এখনো দুটি গানের দৃশ্য ধারণ বাকি থাকলেও মূল গল্পের কাজ প্রায় শেষ। বড় বাজেট, ভিন্নধর্মী অ্যাকশন দৃশ্য এবং বিদেশী সহযোগিতার কারণে সিনেমাটি ঘিরে তৈরি হয়েছে বাড়তি প্রত্যাশা।

সাহিত্য থেকে পর্দায়

সাহিত্যনির্ভর গল্পও থাকছে মুক্তির তালিকায়। ‘উৎসব’-এর পর তানিম নূর আনছেন ‘বনলতা এক্সপ্রেস’। এটি নির্মিত হচ্ছে কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে। চিত্রা নামের এক তরুণীর এক দিনের ট্রেনযাত্রা এবং সেই যাত্রাপথে দেখা মানুষ ও অভিজ্ঞতাকে ঘিরে গড়ে উঠেছে কাহিনী। নাম ভূমিকায় আছেন সাবিলা নূর। সঙ্গে রয়েছেন শরিফুল রাজ, মোশাররফ করিম, আজমেরী হক বাঁধন ও জাকিয়া বারী মম। শুটিং শেষ, চলছে পোস্ট প্রোডাকশন। সাহিত্য থেকে সিনেমায় রূপান্তরের এই চেষ্টা দর্শকদের জন্য হতে পারে নতুন অভিজ্ঞতা।

অপেক্ষার অবসান কি পিনিকের

আদর আজাদ ও শবনম বুবলী অভিনীত ‘পিনিক’ বহুবার মুক্তির পরিকল্পনায় থেকেও প্রেক্ষাগৃহে পৌঁছুতে পারেনি সিনেমাটি। কখনো উৎসবের ভিড়, কখনো প্রেক্ষাগৃহ সংকট—নানা কারণে পিছিয়েছে মুক্তি। এবার নির্মাতা জাহিদ জুয়েল ঈদে মুক্তির ঘোষণা দিয়েছেন। দীর্ঘ প্রতীক্ষার পর সিনেমাটি অবশেষে দর্শকের সামনে আসতে যাচ্ছে। নির্মাতা আশা প্রকাশ করেছেন, সিনেমাটি দর্শক মহলে সাড়া ফেলবে।

অনুদানের সিনেমা বনলতা সেন

সরকারি অনুদানে নির্মিত ‘বনলতা সেন’ পরিচালনা করেছেন মাসুদ হাসান উজ্জ্বল। কবি জীবনানন্দ দাশের সৃষ্ট চরিত্রকে ঘিরে নির্মিত এ সিনেমায় নাম ভূমিকায় আছেন মাসুমা রহমান নাবিলা। সঙ্গে রয়েছেন খায়রুল বাসার ও সোহেল মণ্ডলসহ আরো অনেকে। কবিতার নান্দনিক আবহ ও সময়চেতনা পর্দায় কীভাবে ধরা পড়ে, সেটিই দেখার অপেক্ষায় দর্শক।

বাস্তবতা ও ইতিহাসের গল্প

ঐতিহাসিক প্রেক্ষাপটে নির্মিত ‘রঙবাজার’ পরিচালনা করেছেন রাশিদ পলাশ। ৪০০ বছরের পুরনো একটি যৌনপল্লী এক রাতে উচ্ছেদের ঘটনাকে কেন্দ্র করে সিনেমার কাহিনী। অভিনয়ে আছেন শম্পা রেজা, তানজিকা আমিন, নাজনীন হাসান চুমকী, জান্নাতুল পিয়া ও মৌসুমী হামিদ। সামাজিক বাস্তবতার কঠিন অধ্যায় তুলে ধরার কারণে সিনেমাটি নিয়ে রয়েছে আলাদা কৌতূহল।

পুরনো জুটির প্রত্যাবর্তন

অ্যাকশনধর্মী ‘মালিক’ পরিচালনা করেছেন সাইফ চন্দন। এতে সাত বছর পর আবার জুটি বেঁধেছেন আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম। দীর্ঘ বিরতির পর তাদের একসঙ্গে দেখা যাবে, যা ভক্তদের কাছে বিশেষ আকর্ষণ। পাশাপাশি রয়েছে ‘দুর্বার’, যেখানে অভিনয় করেছেন আবদুন নূর সজল ও অপু বিশ্বাস।

পোশাক শিল্পের ঝুট ব্যবসাকে ঘিরে নির্মিত হয়েছে ‘কাট পিস’, যা শিল্পাঞ্চলের ভিন্ন এক বাস্তবতা তুলে ধরবে। রয়েছে পরীমণি অভিনীত ‘ডোডোর গল্প’, পরিচালনা করেছেন রেজা ঘটক। সংগ্রামী এক মায়ের গল্পভিত্তিক এ সিনেমাও তালিকায় আলাদা মাত্রা যোগ করেছে।

এছাড়া চট্টগ্রামের এক মর্মান্তিক নারী ও শিশু নির্যাতনের ঘটনাকে ভিত্তি করে ‘ট্রাইব্যুনাল’ নির্মাণ করেছেন রায়হান খান। উপকূলের মানুষের জীবনসংগ্রাম নিয়ে ‘হাঙর’ বানিয়েছেন তন্ময় সূর্য, যেখানে কেন্দ্রীয় চরিত্রে আছেন নেপালি অভিনেতা প্রমোদ অগ্রাহারি। সব মিলিয়ে এবারের রোজার ঈদে বড় পর্দায় মুক্তি পাচ্ছে বিগত সময়ের তুলনায় সবচেয়ে বেশি সিনেমা। এতে দর্শকের মাঝেও থাকছে আলাদা আগ্রহ ও উত্তেজনা।