বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় জুটি নিলয়-হিমি। তাদের নাটক মানেই রোমান্স, কমেডি ও সম্পর্কের গল্প। দর্শক এ জুটিকে পছন্দ করেন। টেলিভিশন হোক বা ইউটিউব চ্যানেল, নিলয়-হিমির নাটকের আছে হাজার হাজার দর্শক। তাই তাদের নিয়ে নাটক নির্মাণেও স্বচ্ছন্দ নির্মাতা। এ জুটির নতুন নাটক আসছে ভালোবাসা দিবসে।

বেশ কয়েক মাস আগেই নির্মিত হয়েছিল বিশেষ নাটক ‘মায়া বনের হরিণ’। নির্মাণ করেছেন জনপ্রিয় নির্মাতা রুবেল আনুশ। নির্দেশনার পাশাপাশি নাটকটির গল্পও তার। চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন আব্রাহাম তামিম।

নাটকটিতে অভিনয় প্রসঙ্গে জান্নাতুল সুমাইয়া হিমি বলেন, ‘মায়া বনের হরিণ নাটকটির গল্প একটু অন্যরকম। নির্মাতার গল্প ভাবনাটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। এছাড়া সহশিল্পী হিসেবে নিলয় ভাই সবসময় ভীষণ সহযোগিতা পরায়ণ। দর্শক জুটি হিসেবে আমাদের ভীষণ ভালোবাসে। আমাদের জুটির নতুন নাটকের জন্যও দর্শক অধীর আগ্রহে অপেক্ষা করে। তাদের সে অপেক্ষার অবসান ঘটাতে শিগগিরই প্রচারে আসছে নাটকটি।

নির্মাতা রুবেল আনুশ বলেন, ‘কিছু প্রেম দেখা হয়, বলা হয় না। আর না বলা কথাগুলোই আজীবন মনের অসুখ হয়ে থাকে। নাটকের মূল গল্প এটাই।’

নাটকের শিল্পীদের নিয়ে রুবেল আনুশ দারুণ আত্মবিশ্বাসী। তিনি বলেন, ‘নিলয় ভাই আমেরিকা যাওয়ার আগে ভালোবাসা দিবসে প্রচারের জন্যই নাটকটি নির্মাণ করা হয়েছে। যথারীতি তারা দুজনই ভীষণ ভালো অভিনয় করেছেন। আশা করছি ভালো লাগবে দর্শকের।’

নির্মাতা জানান নাটকটি আগামী ভালোবাসা দিবসে নাফ এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে প্রচারে আসবে। এরই মধ্যে ইউটিউবে প্রকাশিত হয়েছে নিলয়-হিমি জুটির নতুন নাটক হাসিব হোসেন রাখির ‘হট্টগোল’, মহিন খানের ‘বাঁচবোনা’ নাটক দুটি। আগামী ঈদেও তাদের অভিনীত বেশ কয়েকটি নাটক প্রচারে আসার কথা রয়েছে।