বলিউডে নিজের জায়গা করে নিয়েছেন কৃতি শ্যানন। সিনেমায় প্রশংসিত হচ্ছেন তিনি। তার সিনেমা ভালো ব্যবসা করছে এবং বড় পরিচালকদের সিনেমায়ও কাজ করছেন। অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন। কিন্তু তার পরও কিছু বিষয় নিয়ে অভিযোগ আছে কৃতির। যেমন অভিনেতা ও অভিনেত্রীদের প্রতি বলিউডের আচরণ নিয়ে অভিযোগ আছে তার। তিনি মনে করেন, বলিউডে লিঙ্গবৈষম্য আছে। পুরুষরা সেখানে নানা রকম সুবিধা পায় এবং নারীদের বঞ্চিত করা হয়। তার মতে, বলিউডে নারী-পুরুষের সমতা নেই।

কৃতি তার বড় হয়ে ওঠার সময়টার কথা স্মরণ করেন। তার বাবা-মা দুজনই ছিলেন কর্মজীবী। তারা নিজেদের সব ধরনের দায়িত্ব ভাগ করে নিতেন। তিনি ও তার বোন নূপুর কখনো নারী হিসেবে কোনো কাজে বাধা পাননি। কৃতির মা তাকে সবসময় এগিয়ে যাওয়ার প্রেরণা দিয়েছেন।

কিন্তু বলিউডে কাজ করতে গিয়ে তিনি কিছু বৈষম্য দেখেছেন। খুব বেশি না হলেও তিনি কয়েকটি বিষয় লক্ষ্য করেছেন। এ নিয়ে কৃতি বলেন, ‘বলিউডে বৈষম্যের বিষয়টি খুব বেশি ঘটেনি আমার সঙ্গে, তবে কয়েকবার হয়েছে। বিষয়গুলো বড় নয় তবে চোখে পড়ার মতো। যেমন অভিনেতারা একটা ভালো গাড়ি পান। তাদের থাকার জন্য ভালো রুম দেয়া হয়। সেই তুলনায় অভিনেত্রীদের একটা কোনো রকম গাড়ি দিয়ে দিলেই হলো। থাকার একটা মোটামুটি ব্যবস্থা করে দিয়েই তারা খালাস। বিষয়গুলো দেখে খারাপ লাগে। মনে হয় নারী হওয়ার জন্যই এমন ব্যবহার করা হয়। নিজেকে ছোট মনে হয় তখন।’

বলিউড এখন অনেক দিক থেকে এগিয়েছে, কিন্তু কিছু ক্ষেত্রে তারা পিছিয়ে আছে। কৃতি মনে করেন বলিউডে নারী-পুরুষের সমতা নেই। এমনকি অনেক সময় সহকারী পরিচালকরাও বৈষম্য করেন। কৃতি বলেন, ‘এমনো দেখা গেছে, অভিনেত্রীকে আগে ডেকে নিয়ে সেটে বসিয়ে রাখা হয়। কিন্তু তারা অভিনেতার জন্য অপেক্ষা করেন। তিনি এলে তারপর কাজ শুরু হয়। আমি অনেক সময় এ বিষয়গুলো নিয়ে প্রশ্ন তুলেছি।’

কৃতি শ্যানন অভিনয়ের পাশাপাশি বিউটি প্রডাক্ট লঞ্চ করেছেন। তার আছে ফিটনেস স্টুডিও ও একটি প্রযোজনা প্রতিষ্ঠানও। কৃতি তার সিনেমার ক্ষেত্রে এ ধরনের আচরণ না করার সর্বোচ্চ চেষ্টা করেন।

সূত্র: হিন্দুস্তান টাইমস