বাংলাদেশ টেলিভিশনের চট্টগ্রাম কেন্দ্রের জন্য নির্মাণ হয়েছে নতুন নাটক দ্রোহ। নাটকটি রচনা করেছেন আহসান আলমগীর ও পরিচালনায় ছিলেন ইলন সফির। এ নাটকে অন্যতম প্রধান চরিত্রে অভিনয় করেছেন একুশে পদকপ্রাপ্ত, জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী কিংবদন্তি অভিনেতা আবুল হায়াত।

গত ২৫ ও ২৬ জুলাই বিটিভির চট্টগ্রাম ভবনে নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে বলে জানান আবুল হায়াত। তার ভাষায়, ‘দ্রোহ নাটকটির গল্প আমাদের জীবনেরই গল্প। এমন গল্পে কাজ করতে সবসময়ই ভালো লাগে। চট্টগ্রামে গিয়ে কাজ করলে আলাদা একটা ভালো লাগা কাজ করে। কাজের ফাঁকে আড্ডা, গল্প—সব মিলিয়ে একটা মিলনমেলার মতোই হয়ে যায়। নাটকটি প্রচারে এলে দর্শকের ভালো লাগবে বলেই বিশ্বাস।’

নাটকটিতে আরো অভিনয় করেছেন আরজুমান্দ আরা বকুল, হাফিজুর রহমান সুরুজ, রমিজ রাজু, সৈয়দা নওশীন ইসলাম দিশা ও মারিয়া ফারিহ উপমা (আরজুমান্দ আরা বকুলের মেয়ে)।

আরজুমান্দ আরা বকুল বলেন, ‘হায়াত ভাই আমাদের নাট্যাঙ্গনের জীবন্ত কিংবদন্তি। তার সঙ্গে আগের মতো এখন আর নিয়মিত কাজ করার সুযোগ হয় না। এবার ঢাকা ছেড়ে চট্টগ্রামে গিয়ে তার সঙ্গে আবারো কাজ করলাম। এ বয়সেও তার কাজের প্রতি একাগ্রতা দেখে মুগ্ধ না হয়ে পারা যায় না। আমরা যারা তার সঙ্গে কাজ করেছি, দুদিনের সময়টা যেন এক স্মরণীয় অভিজ্ঞতা হয়ে থাকবে।’