প্রায় দুই বছরের বিরতির পর আবারো বড় পর্দায় ফিরছেন ঢালিউড কুইন অপু বিশ্বাস। কামরুল হাসান ফুয়াদের পরিচালনায় থ্রিলারধর্মী সিনেমা দুর্বারের মাধ্যমে তার এ প্রত্যাবর্তন ঘটছে। এ সিনেমায় তার বিপরীতে আছেন ছোট পর্দার জনপ্রিয় নায়ক সজল। সম্প্রতি প্রকাশ হয়েছে সিনেমাটির ফার্স্ট লুক। এরই মধ্যে সামাজিক মাধ্যমে সিনেমাটি নিয়ে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। নতুন বছর উপলক্ষে নির্মাতা কামরুল হাসান ফুয়াদ সিনেমাটির প্রথম পোস্টার প্রকাশ করেন। পোস্টারে অপু বিশ্বাসকে একেবারে ভিন্ন ও রোমহর্ষক গেটআপে দেখা গেছে। তার পুরো মুখ রক্তে ভেজা এবং চোখে রহস্যের ছাপ রয়েছে। দীর্ঘ ক্যারিয়ারে এই প্রথম এমন দুর্ধর্ষ লুকে ধরা দিলেন এ অভিনেত্রী।

রেকর্ড-সংখ্যক সিনেমায় নায়িকা হিসেবে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন অপু বিশ্বাস। প্রচুর ব্যবসাসফল সিনেমা তিনি উপহার দিয়েছেন। তার নতুন সিনেমা দুর্বার নিয়ে অপু বলেন, ‘দুর্বার সিনেমায় দুর্বার গতিতেই দেখা যাবে আমাকে। ভিন্ন চরিত্র ও ভিন্ন গেটআপে ধরা দেব। দর্শক ভালো একটি সিনেমা দেখতে পারবে। অনেক চমক থাকবে এতে।’ তিনি আরো জানান, ‘দুর্বার গতিতে এগিয়ে চলেছে শুটিং।’

দুই বছর পর নতুন সিনেমার জন্য ক্যামেরার সামনে দাঁড়ানোর বিষয়ে অপু বিশ্বাস বলেন, ‘ঢাকাই সিনেমা আমার আঁতুড়ঘর। সিনেমার জন্যই আমার এত পরিচিতি। দর্শকের যত ভালোবাসা পেয়েছি, তা সিনেমার জন্যই। কাজেই দেরিতে হলেও ভালো একটি সিনেমা দিয়ে ফিরতে পেরেছি। এজন্য অনেক ভালো লাগছে। ইচ্ছে ছিল ভালো কাজ দিয়ে ফিরব। তাও পেরেছি। অনেক প্রস্তুতি নিয়ে শুটিং করছি। দর্শকের ভালোবাসা আগে যেমন পেয়েছি, আশা করছি দুর্বার দিয়েও পাব।

তিনি আরো বলেন, ‘দর্শক ভালো গল্প সবসময় পছন্দ করে। দুর্বার সিনেমায় তা আছে। চমক থাকবে অনেক।’

নির্মাতা কামরুল হাসান ফুয়াদ জানিয়েছেন, দর্শক এ সিনেমায় অপুকে একেবারে নতুন রূপে এবং ভিন্ন গেটআপে দেখতে পাবে। ২০২৩ সালের পর বড় পর্দায় নিয়মিত উপস্থিতি না থাকলেও ২০২৬ সালে এ থ্রিলারের মাধ্যমে তিনি বড় ধামাকা দিতে যাচ্ছেন। নির্মাতা আরো বলেন, ‘দুর্বার সিনেমা দর্শকের জন্য চমকস্বরূপ হবে। অপু বিশ্বাসকে ভিন্ন চরিত্র ও রূপে তুলে ধরার জন্য আমরা বিশেষভাবে কাজ করেছি। আশা করছি দর্শক এটি পছন্দ করবে।’ জানা গেছে, সিনেমাটি বছরের বড় কোনো উৎসবে মুক্তি পেতে পারে।