টেইলর সুইফট তার ক্যারিয়ারের শুরু থেকেই নানা দাতব্য কাজে সক্রিয়। হাসপাতাল, প্রাকৃতিক দুর্যোগ বা ভক্তদের জরুরি সাহায্য—প্রায় সব ক্ষেত্রেই পাশে থাকেন তিনি। এবার যুক্তরাষ্ট্রের অলাভজনক সংস্থা ফিডিং আমেরিকাকে ১০ লাখ ডলার বা প্রায় ১১ কোটি টাকা অনুদানের ঘোষণা দিয়েছেন।

ফিডিং আমেরিকা, যুক্তরাষ্ট্রজুড়ে ক্ষুধার বিরুদ্ধে লড়াই করছে, তাদের ইনস্টাগ্রামে অনুদানের খবর জানিয়ে টেইলর সুইফটকে ধন্যবাদ জানিয়েছে। সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা ক্লেয়ার বাবিনো ফন্তেনো লিখেছেন, ‘এই ছুটির মৌসুমে টেইলর সুইফটের ১০ লাখ ডলারের সমর্থন আমাদের মনে করিয়ে দেয়—ক্ষুধা দূর করতে আমরা একসঙ্গে হলে কত কিছু সম্ভব। যারা ক্ষুধার মুখোমুখি, তাদের পাশে দাঁড়িয়ে আমরা নিশ্চিত করতে পারি যেন প্রতিটি পরিবারের টেবিলে খাবার থাকে।’

এর আগে ২০২৪ সালের অক্টোবরে টেইলর সুইফট হারিকেন হেলেন ও মিল্টনের পর ক্ষতিগ্রস্তদের জন্য ফিডিং আমেরিকাকে ৫০ লাখ ডলার অনুদান দিয়েছিলেন। এছাড়া ২০২৩ সালে টেনেসিতে ঝড়ের পর প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় ১০ লাখ ডলার এবং ২০২৪ সালের ফেব্রুয়ারিতে কানসাস সিটি চিফসের সুপার বোল প্যারেডে নিহত এক নারীর পরিবারের জন্য ১ লাখ ডলার সহায়তা প্রদান করেছেন।

সম্প্রতি তার ভক্তরাও এ দাতব্য কার্যক্রমে সক্রিয়। ‘সুইফটিজ ফর হোপ’ উদ্যোগের মাধ্যমে তারা ফিডিং আমেরিকার জন্য তহবিল সংগ্রহ করেছেন। এ দাতব্য উদ্যোগের পাশাপাশি এরই মধ্যে মঙ্গলবার টেইলর সুইফট মুক্তি দিয়েছেন তথ্যচিত্র ‘দ্য এন্ড অব অ্যান এরা’-এর শেষ দুটি পর্ব। তার বহুল আলোচিত ‘দি ইরাস ট্যুর’ নিয়ে নির্মিত এ তথ্যচিত্র ডিজনি প্লাসে দেখা যাচ্ছে।

সূত্র: ভ্যারাইটি