এক দশক কেটে গেলেও ‘বাহুবলী’ এখনো শিরোনাম দখল করে রাখছে। এখনো প্রশ্ন ওঠে, কাটাপ্পা কেন বাহুবলীকে হত্যা করল? সে বিষয়েই সিনেমা মুক্তির এক বছর পর অনলাইনে বিষয়টি নিয়ে মজা করলেন প্রভাস ও রানা দাগুবতি। ফ্র্যাঞ্চাইজির অফিশিয়াল এক্স (সাবেক টুইটার) হ্যান্ডল থেকে একটি নস্টালজিক পোস্ট ঘিরে শুরু হওয়া এ আলোচনায় আবার উত্তেজিত হয়ে উঠেছেন ভক্তরা। কারণ সামনে আসছে ছবির ১০ বছর পূর্তি উদযাপন।
বাহুবলীর অফিশিয়াল পোস্টে প্রশ্ন তোলা হয়েছিল, ‘যদি কাটাপ্পা বাহুবলীকে না মারত?’ প্রশ্নটি শেয়ার করে রানা লেখেন, ‘তাহলে আমি মারতাম ওকে।’
সিনেমায় বল্লাল দেব চরিত্রে অভিনয় করেছেন রানা। বল্লাল ও বাহুবলী চাচাতো ভাই এবং দুজনই ছিলেন সিংহাসনের দাবিদার। সিংহাসনের রাজনীতিতে এমন ঘটনা ঘটেই থাকে। সে বিষয় ও সিনেমায় বল্লালের ভয়ানক চরিত্রের সঙ্গে রানার উত্তরটি মেলে। কিন্তু তার চেয়েও চমৎকার উত্তর দিয়েছেন বাহুবলী তথা প্রভাস। তার জবাবই বাজিমাত করেছে।
রানার পোস্ট নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে প্রভাস লেখেন, ‘আমি স্বেচ্ছায় ঘটনাটি ঘটতে দিয়েছিলাম... এ কারণে।’
কোন কারণ?
এ উত্তরের সঙ্গে ‘বাহুবলী: দ্য কনক্লুশন’ সিনেমার একটি পোস্টার শেয়ার করেছেন প্রভাস। পোস্টারে লেখা, ‘ভারতীয় সিনেমার সেরা ব্লকবাস্টার। বিশ্বব্যাপী আয় ১ হাজার কোটি রুপি।’ অর্থাৎ কাটাপ্পা বাহুবলীকে মেরেছিল বলেই পরের সিনেমাটির প্রতি দর্শকের এত আগ্রহ তৈরি হয়েছিল এবং তারা সিনেমাটি দেখেছে। বাহুবলী হয়ে উঠেছে ভারতের সবচেয়ে বড় ব্লকবাস্টার। এ হাস্যকর কথোপকথন ইন্টারনেটে ছড়িয়ে পড়ে বিদ্যুৎগতিতে। ভক্তরা এ মজার এক্সচেঞ্জকে বলছেন, ‘এ কনটেন্টই দরকার ছিল আমাদের!’
অনেকে প্রভাসের স্মার্ট ও আত্মবিশ্বাসী জবাবকে স্যালুট জানিয়েছেন।
তবে সত্যি বলতে এসএস রাজামৌলি পরিচালিত বাহুবলী শুধু একটি সিনেমাই ছিল না, এটি ভারতীয় সিনেমার গতিপথ বদলে দিয়েছে। দুই ভাগে মুক্তি পাওয়া (বাহুবলী: দ্য বিগিনিং এবং বাহুবলী: দ্য কনক্লুশন) এ সিনেমা বিশ্বজুড়ে তুমুল সাড়া ফেলে। জাতীয় পুরস্কারজয়ী সিনেমাটির পর ভারতীয় সিনেমায় দক্ষিণের আধিপত্য তৈরি হয়েছে। এছাড়া দুই ভাগে সিনেমা মুক্তি, বড় বাজেটের সিনেমা নির্মাণের প্রবণতাও তৈরি হয়েছে। এবার সে ইতিহাসকেই আবার বড় পর্দায় ফিরিয়ে আনতে চলেছে নির্মাতারা। আগামী ৩১ অক্টোবর মুক্তি পেতে যাচ্ছে ‘বাহুবলী: দ্য এপিক’। এখানে সিনেমাটির দুই পর্ব একত্রে দেখা যাবে থিয়েটারে।
বিশ্বব্যাপী ১ হাজার কোটি রুপির বেশি আয় করেছে বাহুবলী। এটি এখনো ভারতের সবচেয়ে বড় ব্লকবাস্টার। হিন্দি ডাবিংয়ে সর্বাধিক আয়কারী সিনেমাও বাহুবলী এবং এখনো পর্যন্ত ষষ্ঠ সর্বোচ্চ আয়কারী তেলেগু সিনেমা। বাহুবলীর ১০ বছর পূর্তির ক্ষণ গণনা শুরু হয়ে গেছে এবং এটা স্পষ্ট যে মহিষ্মতীর গাথা এখন শেষ হয়নি।
সূত্র : বলিউড হাঙ্গামা










