দর্শকের কাছে প্যাকেজ অনুষ্ঠানের জনপ্রিয়তা অনেক আগে থেকেই। আমাদের দেশে পাঁচফোড়ন বেশ জনপ্রিয়। প্রতিবারের মতো এবারো ভালোবাসা দিবস উপলক্ষে ফাগুন অডিও ভিশন নির্মাণ করেছে ভালোবাসার বিশেষ পাঁচফোড়ন।
ভালোবাসা দিবসে অনেকেই তাদের প্রেমিকা বা স্ত্রীকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে যান। তবে এক দম্পতি ভালোবাসার নানা আলাপ নিয়ে দিনটি কাটিয়ে দিলেন নিজের ঘরে। ভালোবাসা দিবসে তাদের মধ্যে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা নিয়েই গড়ে উঠেছে এবারের পাঁচফোড়নের গল্প। তাদের বিভিন্ন কর্মকাণ্ডের ফাঁকে ফাঁকেই আসতে থাকে গান, নাচ, নাটক ও বিভিন্ন বিষয়ের ওপর চমৎকার সব রিপোর্টিং। এবারের অনুষ্ঠানে স্বামী-স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা সজল নূর ও সারিকা সাবরিন।
এ পাঁচফোড়নে মূল গান রয়েছে দুটি। গীতিকার কবির বকুলের কথায় একটি গান গেয়েছেন সংগীতশিল্পী আঁখি আলমগীর। সুর ও সংগীতায়োজন করেছেন শওকত আলী ইমন। একটি দ্বৈত সংগীত গেয়েছেন শিল্পী কমল ও তানজিনা রুমা। গানটির কথা লিখেছেন গীতিকবি মনিরুজ্জামান পলাশ, সুর ও সংগীত পরিচালনা করেছেন নাভেদ পারভেজ। এছাড়া রয়েছে একটি জনপ্রিয় ফোক গানের মিউজিকের সঙ্গে বরিশালের স্থানীয় নৃত্যশিল্পীদের পরিবেশনায় চমৎকার একটি নৃত্য। নৃত্যটি পরিচালনা করেছেন মুরাদ।
যশোরের খেজুরের যশ ও ঐতিহ্য রক্ষা এবং নতুন প্রজন্মকে ঐতিহ্যের সঙ্গে পরিচয় করিয়ে দিতে এক অভিনব উদ্যোগ নিয়েছেন যশোরের বাঘারপাড়া উপজেলার বহরমপুর গ্রামের কাজী মাওলানা ফারুক হোসেন। এলাকায় যিনি ‘রস কাকা’ নামেই বেশি পরিচিত। তার এ অভিনব উদ্যোগের ওপর রয়েছে একটি সমসাময়িক প্রতিবেদন। শিয়াল একটি বন্যপ্রাণী, তবে এবারের পাঁচফোড়নে এমন একটি শিয়ালকে দেখানো হবে যেটি ঝোপ-জঙ্গলে, আড়ালে বা গর্তে নয়, বাস করে লোকালয়ে মানুষের সঙ্গে। নিশাচর হলেও তাকে দেখা যাবে দিনের আলোয় লোকালয়ে ঘুরে বেড়াতে।
রয়েছে ভালোবাসার ওপর বিভিন্ন আঙ্গিকে মজাদার কিছু নাট্যাংশ। অভিনয় করেছেন পাঁচফোড়নের নিয়মিত শিল্পীরা। অনুষ্ঠানটি এটিএন বাংলায় প্রচার হবে আগামীকাল রাত ৮টা ৫০ মিনিটে।










