অসংখ্য বলিউড সিনেমা, আন্তর্জাতিক প্রজেক্ট ও মঞ্চনাটকে শক্তিশালী উপস্থিতি তাকে একজন বহুমাত্রিক অভিনেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছে। বিশেষ করে থিয়েটারের প্রতি তার গভীর টান আজও তাকে নিয়মিত মঞ্চে ফিরিয়ে আনে। গতকাল ছিল বিশ্ব থিয়েটার দিবস। এ উপলক্ষে তিনি আবারো জানান, থিয়েটার তার অভিনয় জীবনের কেন্দ্রবিন্দু। থিয়েটারই তাকে একজন অভিনেতা হিসেবে সবসময় সচেতন, জীবন্ত ও প্রস্তুত রাখে।
তিনি বলেন, ‘একজন অভিনেতা হিসেবে নিজেকে জীবন্ত রাখার জন্য এটি আমার প্রয়োজন। এটি সেই ধুলো সরিয়ে দেয়, যা কখনো কখনো জমে যায়—আর দূর করে পুনরায় টেক না পাওয়ার ভয়।’ অনুপম খেরের মতে, মঞ্চনাটক তাকে সবসময় সতর্ক ও প্রস্তুত রাখে।
তিনি আরো বলেন, ‘শুটিং সেটে একাধিক টেকের সুযোগ থাকে, কিন্তু থিয়েটার আমাকে সবসময় সতর্ক রাখে শুধু একজন অভিনেতা হিসেবে নয়, একজন মানুষ হিসেবেও। সিনেমায় ব্যাকগ্রাউন্ড মিউজিক, এডিটিং, ভিজুয়াল এফেক্ট থাকে। কিন্তু থিয়েটার হলো একেবারে খাঁটি জাদু।’
দর্শকের সঙ্গে সরাসরি সংযোগের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, ‘দর্শক থেকে অভিনেতা এবং অভিনেতা থেকে দর্শক, এর মাঝখানে কিছুই নেই। আপনি হৃদস্পন্দন অনুভব করেন, যখন তা অনুভব করেন তখন বুঝতে পারেন আপনি জীবিত আছেন। থিয়েটার আমাকে প্রতিবার মঞ্চে উঠে সে অনুভূতি নতুন করে পাওয়ার সুযোগ দেয়।’
অনুপম খেরের মতে, থিয়েটারের এ সরাসরি ও জীবন্ত অভিজ্ঞতাই তাকে বারবার মঞ্চে ফিরিয়ে আনে এবং একজন অভিনেতা হিসেবে তাকে সবসময় সতেজ ও সংবেদনশীল রাখে।
সূত্র: হিন্দুস্তান টাইমস










