অনীল কাপুরের বয়স এখন ৬৮ বছর। কিন্তু তরুণ অভিনেতাদের সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করছেন তিনি। সম্প্রতি মুক্তি পাওয়া ‘ওয়ার টু’তেও অভিনয় করেছেন। কিন্তু সে তুলনায় সাফল্য পাননি তার পুত্র হর্ষবর্ধন কাপুর। যদিও দর্শক ও সমালোচকদের একটা বড় অংশ হর্ষবর্ধনকে ভালো অভিনেতা ও সম্ভাবনাময় মনে করে, তার সিনেমার সংখ্যা কম। নিয়মিত অভিনয়ে নেই তিনি। এর মধ্যেই জানা গেল, পিতাপুত্র নতুন একটি অ্যাপার্টমেন্ট কিনেছেন। এতে খরচ হয়েছে ৫ কোটি রুপি।

বান্দ্রা পশ্চিমে অ্যাপার্টমেন্টটি কিনেছেন তারা। অ্যাপার্টমেন্টের আয়তন ১ হাজার ১৬৫ বর্গফুট। আইজিআর ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুসারে, অ্যাপার্টমেন্টটি দ্য স্মোকি হিল সিএইচএসের তৈরি। মূল অ্যাপার্টমেন্টের মধ্যে ৯৭০ বর্গফুটের কার্পেট এরিয়া আছে। এর সঙ্গে তারা পাচ্ছেন একটি গ্যারেজ স্পেস। এ মাসেই অ্যাপার্টমেন্ট রেজিস্টার করা হয়েছে। এতে ৩০ লাখ রুপির স্ট্যাম্প ডিউটির সঙ্গে রেজিস্ট্রেশনে খরচ হয়েছে ৩০ হাজার রুপি। এ অ্যাপার্টমেন্ট তারা নিজেরা ব্যবহার করবেন, নাকি ভাড়া দেবেন তা এখনো জানা যায়নি।

অনিল কাপুরের হাতে এখন আধ ডজনের বেশি সিনেমা আছে। এর মধ্যে একটি হলো সন্দীপ রেড্ডি ভাঙ্গার ‘অ্যানিমেল পার্ক’। সিদ্ধার্থ আনন্দের ‘কিং’-এও দেখা যাবে তাকে।

হর্ষবর্ধন এ পর্যন্ত পাঁচটি সিনেমায় অভিনয় করেছেন। এর মধ্যে ভবেশ যোশীই বেশি প্রশংসিত। তার হাতে আছে একটি সিনেমা। অভিনব বিন্দ্রার বায়োপিকে অভিনব বিন্দ্রার চরিত্রে অভিনয় করছেন তিনি। সিনেমায় তার সঙ্গে থাকছেন অনীল কাপুরও। অলিম্পিক চ্যাম্পিয়নকে নিয়ে সিনেমাটি নির্মাণ করছেন আদিত্য বিক্রম সেনগুপ্ত। এটি এখন প্রি-প্রডাকশনে রয়েছে।

সূত্র: দি ইন্ডিয়ান এক্সপ্রেস