সাত বছরের দীর্ঘ বিরতির পর ভারতীয় সিনেমায় ফিরছেন প্রিয়াংকা চোপড়া। এসএস রাজামৌলির ‘বারাণসী’তে অভিনয় করছেন তিনি। সিনেমাটির শুটিং বর্তমানে হায়দরাবাদে চলছে। প্রিয়াংকার বড় কামব্যাক নিয়ে ভক্তরা উচ্ছ্বসিত। সম্প্রতি প্রিয়াংকা জানালেন, সিনেমায় চুক্তিবদ্ধ হওয়ার আগে রাজামৌলিকে একটি বিশেষ অনুরোধ করেছিলেন তিনি। প্রিয়াংকা চেয়েছিলেন, এ সিনেমায় যেন তার একটা নাচের পারফরম্যান্স রাখা হয়।

সিনেমাব্লেন্ডকে দেয়া এক সাক্ষাৎকারে প্রিয়াংকা সহ-অভিনেতা মহেশ বাবু ও পৃথ্বীরাজ সুকুমারের সঙ্গে সিনেমাটি নিয়ে কথা বলেন।

রাজামৌলির কাছে নাচের অনুরোধ করার কথা স্মরণ করে প্রিয়াংকা বলেন, ‘আমি প্রায় ছয় বছর ধরে কোনো ভারতীয় সিনেমায় কাজ করিনি। তাই যখন তিনি আমাকে ফোন করে বললেন, ‘‘এই নারী চরিত্রটা দারুণ, তোমাকে এটা করতেই হবে’’, তখন আমি বলেছিলাম, ‘‘আমার একটা অনুরোধ আছে। আপনি কি আমাকে নাচতে দেবেন? প্লিজ, কারণ আমি অনেকদিন নাচিনি...’’ ওহ! আমার এটা বলা উচিত ছিল না, কারণ আমরা প্রচুর নাচছি। আর বেচারা মহেশ বলছিল, ‘‘তোমার জন্যই এসব হচ্ছে। তোমার কারণেই আমাকেও নাচতে হচ্ছে, করতে হচ্ছে’’।’

সহ-অভিনেতা মহেশ বাবু যোগ করেন, ‘এটা সত্যিই অন্যরকম ও বিশেষ। আমরা এরই মধ্যে একটি গানের শুটিং করেছি, আর সেটি মাথার ভেতর ঘুরতেই থাকে। প্রিয়াংকা সবসময় গানটা গুনগুন করে। আর ওই গানটা হয়েছে কারণ ও নাচতে চেয়েছিল...আর রাজামৌলি ওকে নাচিয়েছেন।’

মহেশ বাবু ও প্রিয়াংকা চোপড়াকে একসঙ্গে নাচতে দেখার খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক উচ্ছ্বাস সৃষ্টি করেছে। এক ভক্ত লিখেছেন, ‘প্রিয়াংকা আর মহেশ বাবুর নাচ মানেই অ্যাবসলিউট সিনেমা।’ আরেকজন লিখেছেন, ‘এই পারফরম্যান্সের একটা ঝলক হলেও দেখান।’ আরেকটি মন্তব্য, ‘গানটা দেখার জন্য আর অপেক্ষা করতে পারছি না।’

‘বারাণসী’ এসএস রাজামৌলির পরবর্তী প্রজেক্ট। ২০২২ সালে মুক্তি পাওয়া ব্লকবাস্টার ‘আরআরআর’-এর পর আসছে। ‘আরআরআর’-এ অভিনয় করেছিলেন রাম চরণ ও জুনিয়র এনটিআর।

ফ্যান্টাসি-অ্যাডভেঞ্চার ঘরানার সিনেমা ‘বারাণসী’ প্রিয়াংকার ভারতীয় সিনেমায় প্রত্যাবর্তনকে চিহ্নিত করছে। সিনেমায় তাকে অ্যাকশনভিত্তিক চরিত্র মন্দাকিনীর ভূমিকায় দেখা যাবে। সিনেমায় মহেশ বাবু রয়েছেন প্রধান চরিত্রে এবং পৃথ্বীরাজ সুকুমার থাকছেন খলনায়কের ভূমিকায়।

টিজারে ইঙ্গিত দেয়া হয়েছে, সিনেমাটির গল্প সময় ভ্রমণকে কেন্দ্র করে। কাহিনী এখনো গোপন রাখা হলেও ভক্তরা নানা তত্ত্ব দাঁড় করাচ্ছেন। ‘বারাণসী’ ২০২৭ সালের এপ্রিলে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

সূত্র: ইয়ন