নবাগত অভিনেতা ফররুখ আহমেদ রেহান ও জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির জুটি হয়ে আসছেন নতুন নাটক ‘শেষ থেকে শুরু’-তে। নাটকটি রচনা করেছেন রুবেল আনুশ এবং পরিচালনায় রয়েছেন এহসান এলাহী বাপ্পী। আজ বেলা ৩টায় এনটিভিতে প্রচারিত হবে নাটকটি।
ফররুখ আহমেদ রেহান নাট্যাঙ্গনে আত্মপ্রকাশ করেন মিজানুর রহমান আরিয়ানের নাটক ‘যুগল’ দিয়ে। এরপর সামিরা খান মাহি, নাজনীন নীহা ও তানজিন তিশার বিপরীতে অভিনয় করে এরই মধ্যে দর্শকমহলে প্রশংসিত হয়েছেন তিনি।
নতুন এ নাটক নিয়ে রেহান বলেন, ‘যুগলসহ অন্যান্য কাজের মাধ্যমে দর্শকের কাছ থেকে ভালো সাড়া পেয়েছি। তবে অনেকেই আমাকে আরো ভালো গল্পে দেখতে চান। শেষ থেকে শুরু সেদিক থেকে গুরুত্বপূর্ণ কাজ। গল্পটা অসাধারণ। সাফা কবির আমার বিপরীতে অভিনয় করেছেন, যিনি নিঃসন্দেহে পরীক্ষিত একজন অভিনেত্রী। আমাদের পারস্পরিক বোঝাপড়াটা দর্শকের ভালো লাগবে বলেই বিশ্বাস করি।’
অন্যদিকে নাটকটির গল্প নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সাফা কবির। তিনি বলেন, ‘গল্পটাই এ নাটকের প্রাণ। রুবেল আনুশ অসাধারণ একটি গল্প লিখেছেন। রেহানের সঙ্গে এটাই প্রথম কাজ, তবে খুব স্বাচ্ছন্দ্যে হয়েছে। দর্শকের ভালো লাগবে আশা করছি।’
পরিচালক এহসান এলাহী বাপ্পী বলেন, ‘নাটকটির প্রতিটি চরিত্র, সংলাপ ও নির্মাণে আমরা সর্বোচ্চ যত্ন নিয়েছি। গল্পটি সমসাময়িক ও আবেগঘন।’
এদিকে জানা গেছে, রেহান এরই মধ্যে বেশকিছু নতুন নাটকের চিত্রনাট্য হাতে পেয়েছেন এবং তিনি ভালো গল্পের প্রতি মনোযোগী হয়েছেন। চ্যালেঞ্জিং চরিত্রে নিজেকে পরিপক্ব করে তোলাই এখন তার প্রধান লক্ষ্য।










