নব্বইয়ের দশক থেকেই দেশের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’। শিকড়ের সন্ধানে স্টুডিওর চার দেয়ালের বাইরে গিয়ে দেশের প্রত্যন্ত অঞ্চলে আয়োজন হচ্ছে এর বিভিন্ন পর্ব। ইতিহাস, ঐতিহ্য, সভ্যতা, সংস্কৃতি, প্রাকৃতিক সৌন্দর্য, প্রত্নসম্পদ, আকর্ষণীয় পর্যটন কেন্দ্রসহ জনজীবনের নানা দিক দর্শকের সামনে তুলে ধরা ইত্যাদির মূল লক্ষ্য।
সেই ধারাবাহিকতায় এবারের পর্ব ধারণ করা হয়েছে সীমান্তবর্তী জেলা কুড়িগ্রামের উলিপুরে। নদীবেষ্টিত পলি গঠিত এ অঞ্চলের সাংস্কৃতিক ঐতিহ্যের মূল প্রাণ ভাওয়াইয়া গান। মঞ্চ নির্মাণ করা হয়েছিল প্রায় দেড় শতবর্ষ প্রাচীন ঐতিহ্যবাহী উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে।
ইত্যাদির দৃশ্য ধারণ উপলক্ষে কুড়িগ্রামজুড়ে ছিল উৎসবের আমেজ। দুপুরের পর থেকেই অনুষ্ঠানস্থলে জমে ওঠে দর্শকের ভিড়। প্রতিবারের মতো এবারো দর্শকদের জন্য ছিল বিশেষ আমন্ত্রণপত্র, যা বিলি করা হয় জেলা প্রশাসনের মাধ্যমে। নির্ধারিত সময়ের আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় অনুষ্ঠানস্থল। বিভিন্ন শ্রেণী-পেশা ও বয়সের মানুষের উপস্থিতিতে উৎসবে পরিণত হয় অনুষ্ঠানটি। স্থান সংকুলান না হওয়ায় হাজারো মানুষ বাইরে থেকেও উপভোগ করেন প্রিয় অনুষ্ঠান ইত্যাদির ধারণ পর্ব। দর্শকরা এসেছিলেন কুড়িগ্রামের বিভিন্ন উপজেলা ছাড়াও পার্শ্ববর্তী রংপুর, লালমনিরহাট ও গাইবান্ধা থেকেও।
বাংলাদেশের উত্তরাঞ্চলের প্রাণের গান ভাওয়াইয়া। তাই এবারের পর্বে বারবার উঠে এসেছে এ গানের ঐতিহ্য, শিল্পী ও ইতিহাসের গল্প—কখনো প্রতিবেদনে, কখনো নাটিকায় বা গানে।
অনুষ্ঠানে রয়েছে দুটি গান। প্রথমেই কুড়িগ্রামের ইতিহাস ও কৃষ্টিকথা নিয়ে মনিরুজ্জামান পলাশের কথায় একটি পরিচিতিমূলক গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেছেন স্থানীয় অর্ধশতাধিক নৃত্যশিল্পী।
শিকড়সন্ধানী ইত্যাদি বরাবরের মতো এবারো তুলে ধরেছে জনকল্যাণে নিবেদিত মানুষ ও অজানা ইতিহাসের গল্প। এ পর্বে রয়েছে কুড়িগ্রাম জেলার ইতিহাস, ঐতিহ্য, মুক্তিযুদ্ধে অবদান, চিলমারী নদীবন্দর ও বীর প্রতীক তারামন বিবির স্মৃতি। এছাড়া ভাওয়াইয়া চর্চা ও বাংলাদেশ ভাওয়াইয়া একাডেমি নিয়ে প্রতিবেদন, যেখানে অংশ নিয়েছেন প্রখ্যাত শিল্পী ভূপতি ভূষণ বর্মা। ২০১১ সালের ইত্যাদিতে আলোচিত উদ্যোক্তা যুবক আব্দুল কাদেরের ফলোআপ প্রতিবেদনও রয়েছে এবার। নদীবেষ্টিত চরাঞ্চলের জীবন-জীবিকা ও সম্ভাবনা নিয়ে তৈরি হয়েছে একটি অনুসন্ধানী প্রতিবেদন। বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য চিলমারীর রিকতা আখতার বানু (লুৎফা) বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয় নিয়ে রয়েছে মানবিক প্রতিবেদন। বিদেশী প্রতিবেদনে দেখানো হবে সিঙ্গাপুরের দুটি দ্বীপ—সেন্ট জনস আইল্যান্ড ও কুসু দ্বীপ।
থাকছে কাশেম টিভির সাংবাদিকের সঙ্গে নাতির মজার আলাপনসহ ইত্যাদির নিয়মিত হাস্যরসাত্মক পর্ব। বাংলাদেশ টেলিভিশনে ৩১ অক্টোবর, শুক্রবার রাত ৮টার বাংলা সংবাদের পর প্রচারিত হবে ইত্যাদির কুড়িগ্রাম পর্ব।










