টিভি নাটকের অভিনেত্রী হিসেবেই বেশি পরিচিত মেহজাবীন। তবে এরই মধ্যে তার অভিনীত একটি সিনেমা মুক্তি পেয়েছে। এবার মুক্তি পেতে যাচ্ছে দ্বিতীয় সিনেমা। শিগগিরই দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে মেহজাবীন অভিনীত দ্বিতীয় সিনেমা ‘সাবা’। সিনেমাটি গত এক বছরে ডজনখানেক বিশ্বনন্দিত চলচ্চিত্র উৎসবগুলোয় প্রদর্শিত ও প্রশংসিত হয়েছে।
গত বছর সেপ্টেম্বরে টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (টিআইএফএফ) ৪৯তম আসরে হয়েছিল ‘সাবা’র বিশ্ব প্রিমিয়ার। এরপর রেড সি, গথেনবার্গ, সিডনি, রেইনড্যান্সসহ আরো অনেক উৎসব ঘোরে সিনেমাটি। টরন্টোর ওয়েবসাইটে সিনেমাটি নিয়ে লেখা হয়েছে, ‘অসাধারণ অভিনয়, ডায়নামিক সিনেমাটোগ্রাফি এবং প্রাণবন্ত কালার প্যালেটে ফুটিয়ে তোলা হয়েছে অঙ্কুর, সাবা ও শিরিনের অন্ধকার দৃষ্টিভঙ্গির চিত্র।’
মেহজাবীন এবার নিজেই ঘোষণা দিলেন সিনেমাটি দেশে মুক্তি পাচ্ছে। ‘সাবা’র একটি দৃশ্য শেয়ার করে নিজের ফেসবুকে মেহজাবীন লিখেছেন, ‘সারা বিশ্বের দর্শকের ভালোবাসা নিয়ে ‘সাবা’ এখন প্রস্তুত নিজের মানুষদের সঙ্গে দেখা করার জন্য।’
একই পোস্টের মন্তব্য ঘরে জানতে চেয়ে মেহজাবীন লিখেছেন, ‘সাবা কোন দিন মুক্তি দেয়া উচিত, ২৬ সেপ্টেম্বর নাকি ৩ অক্টোবর?’
মেহজাবীনের সেই পোস্টটি শেয়ার করেছেন ‘সাবা’ নির্মাতা মাকসুদ হোসেন থেকে শুরু করে ছবির চিত্রগ্রাহক বরকত হোসেন পলাশসহ ছবির অন্য কলাকুশলীরাও।
‘সাবা’-তে সম্পূর্ণ বিপরীত দুটি দৃষ্টিভঙ্গিতে মা-মেয়ের সম্পর্ক দেখিয়েছেন নির্মাতা। বাবা নিখোঁজ হওয়ায় সাবা তার অসুস্থ মা শিরিনের একমাত্র অবলম্বন, যিনি হৃদযন্ত্রের জটিলতায় ভুগছেন। নানা হতাশার বহিঃপ্রকাশ হিসেবে প্রায়ই শিরিন তার মেয়ের প্রতি তিক্ততা ও রাগ দেখান। তাই তারা একসঙ্গে থেকেও নিজস্ব আলাদা জগতে বাস করেন।
সিনেমার তিনটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী, রোকেয়া প্রাচী ও মোস্তফা মনোয়ার। সবাই আশাবাদী যে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির পর দর্শকের মন জয় করবে। I ফিচার ডেস্ক










