বক্স অফিসে বহু অভিনেত্রীর সিনেমাই হিট করে। আবার অনেক অভিনেত্রী আছেন, হিট না করেও তারা অর্থ আয় করেন। তবে জুহি চাওলাকে নিয়ে কী বলা যায়। নব্বইয়ের দশকে তিনি যে মাপের হিট দিয়েছেন তা আজ চিন্তা করাও কঠিন। তবে এখন তিনি অভিনয় থেকে খানিকটা দূরে। অথচ ভারতের সেরা ধনী অভিনেত্রী তিনি। হুরুন রিচ লিস্ট ২০২৫ অনুযায়ী, জুহি চাওলা এখন ভারতের সবচেয়ে ধনী অভিনেত্রী। তার মোট সম্পদের পরিমাণ ৭ হাজার ৭৯০ কোটি রুপি। বাংলাদেশী মুদ্রায় এর পরিমাণ প্রায় ১০ হাজার ৫০০ কোটি রুপি।
তিনি শুধু অভিনেত্রীদেরই নয়, অক্ষয় কুমার (২ হাজার ৫০০ কোটি), হৃতিক রোশন (২ হাজার ১৬০ কোটি) ও অমিতাভ বচ্চনের (১ হাজার ৬৩০ কোটি) মতো বহু নামি অভিনেতাকেও পেছনে ফেলেছেন। ভারতের সবচেয়ে ধনী অভিনেতা হিসেবে তার চেয়ে এগিয়ে আছেন দীর্ঘদিনের সহ-অভিনেতা ও ব্যবসায়িক অংশীদার শাহরুখ খান। শাহরুখের মোট সম্পদ প্রায় সাড়ে ১২ হাজার কোটি রুপি।
চলচ্চিত্রই জুহির আয়ের প্রধান উৎস নয়
জুহির পরিচয় কেবল অভিনেত্রী নয়। তিনি অন্যতম সফল ব্যবসায়ীও। নব্বইয়ের দশকে একজন এ-লিস্ট তারকা হলেও ছেলের জন্মের পর ২০০০ দশকের শুরুতে তিনি চলচ্চিত্র থেকে কিছুটা পিছিয়ে যান। এর পরও তিনি অভিনয় চালিয়ে গেছেন, তবে তুলনামূলক অনিয়মিত। জুহি অভিনীত সর্বশেষ মুক্তি পাওয়া সিনেমা বৎসল নীলকান্তনের ফ্রাইডে নাইট প্ল্যান এবং শিব রাওয়াইলের পিরিয়ড থ্রিলার সিরিজ দ্য রেলওয়ে মেন। দুটিই নেটফ্লিক্স ইন্ডিয়ায় ২০২৩ সালে মুক্তি পায়। বড় পর্দায় সর্বশেষ সিনেমা মুক্তি পায় ছয় বছর আগে—শেলি চোপড়া ধর পরিচালিত রোমান্টিক কমেডি ‘এক লাড়কি কো দেখা তো অ্যায়সা লাগা’।
২০০০-এর প্রথম দশকের শুরুতে জুহি কিছুদিনের জন্য প্রযোজনায়ও যুক্ত হন। শাহরুখ খান ও পরিচালক আজিজ মির্জা ছিলেন তার প্রযোজনার অংশীদার। এ ত্রয়ীর প্রযোজনা সংস্থা ড্রিমজ আনলিমিটেড থেকে নির্মিত হয় ‘রাজু বান গ্যায়া জেন্টলম্যান’ ও ‘ইয়েস বস’-এর মতো রম-কম। তাদের ব্যানারে এরপর মুক্তি পায় ‘ফির ভি দিল হ্যায় হিন্দুস্তানি’ (২০০০), ‘অশোকা’ (২০০১) ও ‘চলতে চলতে’ (২০০৩)। তিনটির কোনোটিই বক্স অফিসে সাফল্য পায়নি। ফলে প্রযোজনা সংস্থা বন্ধ হয়ে যায়। শাহরুখ খান ২০০৪ সালে স্ত্রী গৌরির সঙ্গে রেড চিলিজ শুরু করেন। তবে এতে জুহির সঙ্গে তার সম্পর্ক খারাপ হয়নি। তারা আবার বিনিয়োগ করেন আইপিএলে। কলকাতা নাইট রাইডার্স তাদের সবচেয়ে সফল পার্টনারশিপ।

২০২৪ সালে আইপিএল জয়ের পর ছবি: ইন্ডিয়া টুডে
কলকাতা নাইট রাইডার্স
শাহরুখ খান, জুহি চাওলা ও তার স্বামী জয় মেহতা মিলে ২০০৮ সালে আইপিএলের উদ্বোধনী আসরে প্রায় ৬০০ কোটি রুপিতে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) কিনে নেন। প্রথম কয়েকটি সিজনে কেকেআর কঠিন সময়ের মধ্য দিয়ে গেলেও পরবর্তী সময়ে দলটি ঘুরে দাঁড়ায়। দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের দেয়া তথ্য অনুসারে, ২০২৪ সালের আইপিএল জয়ের পর কেকেআরের বর্তমান মূল্যায়ন দাঁড়িয়েছে প্রায় ৯ হাজার কোটি রুপি।
অন্যান্য লাভজনক বিনিয়োগ
জুহি ও তার স্বামী জয় মেহতা বিশ্বের বিভিন্ন প্রান্তে এবং শহরের একাধিক গুরুত্বপূর্ণ স্থান ও সম্পত্তিতে বিনিয়োগ করেছেন। বর্তমানে তারা মুম্বাইয়ের অন্যতম অভিজাত এলাকা মালাবার হিলের সমুদ্রতীরে একটি বিলাসবহুল আবাসনে থাকেন। এছাড়া সিমেন্ট জায়ান্ট সৌরাষ্ট্র সিমেন্টে তাদের উল্লেখযোগ্য বিনিয়োগ রয়েছে। জুহির মালিকানায় শহরে দুটি রেস্তোরাঁও রয়েছে—এর মধ্যে একটি হলো লেবানিজ রেস্তোরাঁ ‘র্যু দ্যু লেবান’ ও বান্দ্রার বিলাসবহুল ইতালিয়ান ক্যাফে গাস্তো। দুটো থেকেই ভালো আয় করেন জুহি।
সূত্র: দি ইন্ডিয়ান এক্সপ্রেস










