গানের মাধ্যমেও দেয়া যায় জরুরী বার্তা। এসেছে তেমনই একটি গান। জীবনমুখী ঘরানার গানটির নাম ‘অবিশ্বাসের দেশে’। স্থপতি এনামুল করিম নির্ঝরের কথা ও সুরে এবং অটমনাল মুনের সংগীতায়োজনে এটি গেয়েছেন শিশুশিল্পী মৃন্ময়ী মেঘা। এটি মেঘার গাওয়া তৃতীয় মৌলিক গান। গানটিতে ছোটদের পক্ষ থেকে বড়দের জন্য রয়েছে কিছু পরামর্শ।

‘অবিশ্বাসের দেশে’ গানচিত্রটি প্রকাশ হয়েছে এক নির্ঝরের গান প্রজেক্টের আওতায় গানশালা ইকেএনসি নামের ইউটিউব চ্যানেলে। মৃন্ময়ী মেঘাকে মডেল করে গানটির ভিডিও বানিয়েছেন মুজাহিদ মিজাব।

গানটি তৈরি প্রসঙ্গে এনামুল করিম নির্ঝর বলেন, ‌‘সময়টা এমন আসলে, কার কথা কে যে শুনবে সেটা বোঝা কঠিন হয়ে গেছে। আমাদের অন্যায়-অনিয়মগুলো বাচ্চারা অনেকটাই বোঝে হয়তো। কিন্তু তারা তো আর সেসব ধরিয়ে দিতে পারে না। সেখান থেকে মনে হলো, আমাদের (বড়দের) নিয়ে যদি বাচ্চারা গান করে, তাহলে সবার কানে পৌঁছতে পারে। তাতে যদি আমাদের একটু হুঁশ ফেরে। জানি তাতেও কিছু হয় তো হবে না। আমরা শুধু চেষ্টা করে যেতে পারি। সে চেষ্টারই ফল মৃন্ময়ী মেঘার কণ্ঠে এ গান।’