টেলিভিশনের দর্শক ধারাবাহিক নাটক পছন্দ করেন। এ কারণে প্রতিটি টেলিভিশন চ্যানেল ধারাবাহিক নাটক নিয়ে আসে। কোনোটি হয় দীর্ঘ ধারাবাহিক আবার কোনোটি নির্দিষ্টসংখ্যক পর্ব পরে শেষ হয়। ধারাবাহিকের ক্ষেত্রে স্যাটেলাইট চ্যানেলগুলোর মধ্যে এগিয়ে আছে দীপ্ত টিভি। তারা শুরু থেকেই দীর্ঘ ও নিয়মিত ধারাবাহিক আনছে এবং তা দর্শকের মধ্যে জনপ্রিয়ও হয়েছে। এবার চ্যানেলটিতে আসছে একটি নতুন ধারাবাহিক রূপনগর।

আগামীকাল প্রচার শুরু হবে রূপনগর। নাটকটি সন্ধ্যা ৭টায় ও রাত ৯টা ৩০ মিনিটে প্রচার হবে। এটিও হতে যাচ্ছে একটি দীর্ঘ ধারাবাহিক। নাটকটি পরিচালনা করেছেন কায়সার আহমেদ। ‘বকুলপুর’-এর ব্যাপক দর্শকপ্রিয়তার পর এবার একঝাঁক জনপ্রিয় ও গুণী অভিনয়শিল্পীদের নিয়ে প্রতিদিন প্রচারিত হবে ধারাবাহিকটি।

নাটকটির গল্প বোনা হয়েছে পাশাপাশি দুটি ইউনিয়নের দুই চেয়ারম্যানের এক এলাকা ‘রূপনগর’কে ঘিরে। বলা হয়, এখানে সবাই নিজের রূপ আড়াল করে নানা রঙ-তামাশার ঢালে। দুই চেয়ারম্যান একসময় পরস্পরের খুব ভালো বন্ধু থাকলেও এখন তাদের মাঝে চরম শত্রুতা। তারা সারাক্ষণ একে অন্যের ক্ষতি করায় ব্যস্ত। ফলে দুজনের পরিবার ও এলাকার মানুষের মাঝে ইচ্ছা না থাকলেও বজায় রাখতে হয় শত্রুতা। এক চেয়ারম্যানের ভেতরের রূপ হলো চোরাকারবারি আর অন্যজন দখলবাজ। তার পরও রূপনগরে আছে কিছু রঙিন চরিত্র, যারা সুখে-দুঃখে, কষ্টে-আনন্দে একে অন্যের পাশে থাকে। টেলিভিশন চ্যানেলের পাশাপাশি দীপ্ত টিভির ডিজিটাল প্লাটফর্মেও দেখা যাবে নাটকটি।