বাংলাদেশের নাট্যাঙ্গনের প্রখ্যাত অভিনেতা মোশাররফ করিম। দুই দশকেরও বেশি সময় ধরে নাটক ও টেলিভিশনে অভিনয় করে তৈরি করেছেন নিজস্ব শক্ত অবস্থান। বিভিন্ন চরিত্রে তার সাবলীল অভিনয় দর্শকের কাছে তাকে জনপ্রিয় করেছে। এ অভিনেতার সঙ্গে বেশ কয়েকটি নাটকে কাজ করে দর্শকের প্রশংসা কুড়িয়েছেন লাক্স তারকাখ্যাত নীলাঞ্জনা নীলা। এর মধ্যে উল্লেখযোগ্য নাটকগুলো হলো ‘জামাই বউ অতি চালাক’, ‘প্রেমের কোনো বয়স নাই’, ‘রঙ্গিলা মজিদ’, ‘ফিটফাট বাবু’ ও ‘বিড়ম্বনায় বাবু’।
সম্প্রতি গাজীপুরের পূবাইলে শুটিং সম্পন্ন হয়েছে মোশাররফ করিম ও নীলা অভিনীত নতুন নাটক ‘বউ প্যারা দেয়’। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন সাইফ আহমেদ। কমেডি ঘরানার এ নাটকে আরো অভিনয় করেছেন জয়রাজ, সান্তনা, সাজ্জাদ সাজুসহ আরো কয়েকজন। নাটকটি রোজার ঈদে একটি টিভি চ্যানেলে প্রচারের জন্য তৈরি করা হয়েছে।
অভিনয় প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, ‘স্বামী-স্ত্রীর সম্পর্কের মধুর নানা ঘটনা নিয়ে রচিত হয়েছে নাটকটি। এর আগেও নীলা আমার সঙ্গে অভিনয় করেছে। অভিনয়টা ভালোভাবে করার চেষ্টা করে নীলা। অভিনয়ে মনোযোগী থাকলে ভবিষ্যতে আরো ভালো করবে।’
নীলাঞ্জনা নীলা বলেন, ‘মোশাররফ ভাই অনেক বড় একজন অভিনেতা, তাকে নিয়ে বিশেষ কিছু বলার মতো শিল্পী আমি নই। তার পরও বলব, তিনি এত উঁচু মাপের একজন অভিনেতা হয়েও শুটিং সেটে খুব সাধারণ থাকেন। আমি অনেক জুনিয়র একজন শিল্পী, কিন্তু তিনি আমাকে সবসময়ই ভীষণ সহযোগিতা করেন, অভিনয় আরো ভালো করার জন্য নানা পরামর্শ দেন। আমাদের দুজনের অভিনীত বেশ কয়েকটি নাটক জনপ্রিয়তা পেয়েছে। আমি মোশাররফ ভাইয়ের সঙ্গে অভিনয় করে ভীষণ উচ্ছ্বসিত। আশা করছি ‘বউ প্যারা দেয়’ নাটকটি দর্শকের ভালো লাগবে।’










