বাংলাদেশের সংগীতাঙ্গনের অন্যতম জনপ্রিয় শিল্পী সানিয়া সুলতানা লিজা। আধুনিক গান, সিনেমায় প্লেব্যাকের পাশাপাশি মাঝে মাঝে নাটকেও গান গেয়ে থাকেন। এর আগেও তিনি বেশকিছু ভালো গল্পের নাটকে গান গেয়েছেন। আবারো তিনি নতুন একটি নাটকের গানে কণ্ঠ দিয়েছেন গত শনিবার রাতে। নাটকের নাম ‘প্রিয়জন’। নাটকটি প্রযোজনা করেছেন রাজ বিশ্বাস শংকর। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন আদর মির্জা। নাটকে যে গানটি গেয়েছেন লিজা সেই গানের শিরোনাম হচ্ছে ‘ভালোবাসা কেন যে এমন হয়’। গানটি লিখেছেন সহদেব সাহা, সুর করেছেন বেলাল খান। সংগীতায়োজন করেছেন সজীব দাস।
নাটকে নতুন গান প্রসঙ্গে লিজা বলেন, ‘খুব মিষ্টি একটা প্রেমের গান। বিশেষত গানের সুরটা মন ছুঁয়ে যাওয়ারই মতো। এর আগেও আমি বেলাল ভাইয়ের সুরে গান গেয়েছি, তার সঙ্গে দ্বৈত গানও গেয়েছি। এ গানও যথারীতি বেলাল ভাইয়েরই সুর করা এবং এ গানে আমার সহশিল্পীও তিনি। যে কারণে মনে হচ্ছে, গানটি শ্রোতা-দর্শকের ভীষণ ভালো লাগবে। কারণ এর আগে তার সঙ্গে গাওয়া পাখি গানটি শ্রোতা-দর্শকের মাঝে ভীষণ সাড়া ফেলে।
তাই প্রিয়জন নাটকের “ভালোবাসা কেন যে এমন হয়” নিয়ে আমার প্রত্যাশা একটু বেশিই। দেখা যাক, শেষ পর্যন্ত কী হয়।’
এদিকে আগামী ভালোবাসা দিবসে একটি আয়োজনে সংগীত পরিবেশন করবেন বলে জানান লিজা। এর পরের দিন গাজীপুরের মাওনাতে প্রোগ্রাম আছে তার। এদিকে গত ৩১ জানুয়ারি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার সমাপনী আয়োজনে সংগীত পরিবেশন করেছেন লিজা। এর আগে তিনি আরো বেশকিছু স্টেজ শোতে টানা সংগীত পরিবেশন করেছেন।










